বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি
অন্য ছয় ভাষার পাশাপাশি বাংলাকেও জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা দুটি মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধন দুটি থেকে জাতিসংঘে সাধারণ অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ দাবি উত্থাপনের আহ্বানও জানানো হয়েছে।
সকাল ১০টায় ‘বিশ্ব বাঙালি সম্মেলন’, ‘বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন’, ‘জাগো বাঙালি’ ও ‘বাংলা সংস্কৃতি চর্চা কেন্দ্র’র যৌথ আয়োজনের মানববন্ধনে উপস্থিত হন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।
মানববন্ধনের বক্তব্যে ফিরোজ বলেন, “জাতীয় সংসদের ৩৫০ জন এমপি- যারা মাতৃভাষা আইন ও বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রস্তাব পাস করেছে, তাদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি তাদের পক্ষ থেকে জাতিসংঘের ভাষণে এ দাবি জানাবেন।
তিনি বলেন, “সারা বিশ্বে আমরা ৪০ কোটি লোক বাংলায় কথা বলি, ভাষাভাষীর দিক থেকে পঞ্চম। আমরা ভাষার জন্য রক্ত দেওয়া একমাত্র জাতি। সে কারণে জাতিসংঘ থেকেও আমাদের মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছি।”
জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এম আবদুল মোমেন বলেন, জাতীয় সংসদ ইতোমধ্যে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার বিষয়ে প্রস্তাব পাস করেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীও ১৯২টি সদস্য দেশকে বাংলাকে দাপ্তরিক ভাষা করার বিষয়ে চিঠি দিয়েছেন।
“তাদের কেউ এ দাবির বিরোধিতা করেনি। আবার কেউ কেউ দাপ্তরিক ভাষা করার পেছনে যে অর্থ খরচ হবে তাতে সহায়তা দেওয়ার কথাও বলেছে।”
মানববন্ধনে বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি আবদুর রহিম খান, জাগো বাঙালি ফাউন্ডেশনের সভাপতি শেখ হাবিবুর রহমান বক্তব্য দেন।
বেলা ১১টায় বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চাকেন্দ্র, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ ও কেএসপি আয়োজিত অপর মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনএ জোটের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উদ্দেশে তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার সামনে বাংলাকে আন্তর্জাতিক ভাষা করার দাবি নিয়ে যাবেন, আপনি সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন। বাঙালির ভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে, তাহলে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে সমস্যা কোথায়?”
নাজমুল হুদা বলেন, “বাংলাকে কেবল জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়, আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে এমন কেউ নেই যারা এ আবেদন জানাতে প্রস্তুত নয়।”
তিনি বলেন, বিশ্বের এমন কোনো দেশ পাওয়া যাবে না, যেখানে বাঙালি নেই। সব দেশে ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, জার্মান ভাষাভাষি লোক নেই, তবে বাঙালিরা আছে। এতো বিশাল জনগোষ্ঠীর ভাষাকে স্বীকৃতি দেওয়া হবে না কোন যুক্তিতে?
মানববন্ধনে অন্যদের মধ্যে কেএসপি সভাপতি সালাম মাহমুদ, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন সভাপতি সাখাওয়াত হোসেন বক্তব্য দেন।
