২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইভটিজিং প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নিন: শিক্ষামন্ত্রী

মাদারীপুরে এক স্কুলছাত্রী খুন হওয়ার প্রেক্ষাপটে নারী শিক্ষা নির্বিঘ্ন করতে ইভটিজিং প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 05:14 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

শিক্ষা প্রতিষ্ঠানে ‘ইভটিজিং প্রতিরোধে করণীয়’ নির্ধারণে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় মন্ত্রী এই আহ্বান জানান।

মন্ত্রীকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতসহ ছাত্রীদের চলাফেরায় নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”

নাহিদ বলেন, “সরকারের কার্যকর পদক্ষেপের ফলে ছাত্রীদের ওপর সহিংসতার ঘটনা কমে এলেও এখনও পত্রপত্রিকায় সন্ত্রাসীদের হাতে ছাত্রী লাঞ্ছনার খবর আমাদের উদ্বিগ্ন করে।”

মাদারীপুরের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মন্ডলকে রোববার ছুরি মেরে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত ‍নিতুর ছোট ভাইয়ের প্রাইভেট টিউটর মিলন মন্ডলকে আটক করেছে পুলিশ।

অভিভাবকরা মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে ‘ভয়াবহ মানসিক দুশ্চিন্তায় থাকেন’ উল্লেখ করে নাহিদ বলেন, অসহনীয় পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেওয়ার খবরও পাওয়া যায়।

শিক্ষামন্ত্রী বলেন, নারী শিক্ষা বিস্তারে সরকারের বিভিন্ন কর্মসূচি ফলপ্রসূ করতে সমাজ থেকে ছাত্রী লাঞ্ছনা পুরোপুরি নির্মূল করতে হবে।

“কেবল আইনের মাধ্যমে এ ধরণের সামাজিক ব্যাধির প্রতিকার সম্ভব নয়। এজন্য প্রয়োজন ইভটিজিংবিরোধী ব্যাপক সামাজিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ। শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যসহ সচেতন জনসাধারণ এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।”

মাদারীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলে শিক্ষামন্ত্রী নিতুর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নাহিদ বলেন, “নিতুর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে আর কেউ এ ধরনের দুষ্কর্মের সাহস না পায়।”

শিক্ষা সচিব সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতরিক্ত সচিব অরুণা বিশ্বাস, চৌধুরী মুফাদ আহমদ, মোল্লা জালাল উদ্দিন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমান প্রমুখ এই সভায় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

মাদারীপুরে স্কুলছাত্রীকে ছুরি মেরে হত‌্যা