২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির ধাক্কায় দম্পতির মৃত্যু: ‘দায়ী’ শনাক্ত হলেও গ্রেপ্তার নেই

রাজধানীর শেওড়াপাড়ায় গাড়ির ধাক্কায় এক দম্পতি নিহত হওয়ার ঘটনায় দায়ীরা শনাক্ত হলেও তারা গ্রেপ্তার হয়নি বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2016, 07:54 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের ডিসি মাসুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেছে।

“আসামিরা সবাই শনাক্ত, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

বুধবার ভোরে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশে হাজি আশ্রাফ আলী মার্কেটের সামনে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান আতাউর রহমান (৭০)  ও তার স্ত্রী রওশন আরা (৬০)।

ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হলেও চালককে এখনও গ্রেপ্তার করা করতে পারেনি পুলিশ।

এঘটনায় বুধবার রাতেই বেপরোয়া গাড়ি চালিয়ে গুরুতর জখম ও হত্যার অভিযোগে কাউকে আসামি না করে মামলাটি দায়ের করা হয়েছে বলে কাফরুল থানার এসআই ফেরদৌস আহমেদ জানান।

এক প্রশ্নের জবাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তদন্তকালে আসামিকে চিহ্নিত করা হয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আসামি শনাক্ত হওয়ার কথা বললেও নাম জানাতে রাজি হননি কোনো পুলিশ কর্মকর্তা।

প্রাইভেট কারটির মালিকের বিষয়ে জানতে চাইলে মিরপুর পুলিশের ডিসি মাসুদ বলেন, যার নামে গাড়ির কাগজপত্র তিনি দুই মাস আগে গাড়িটি একটি ওয়ার্কশপে বিক্রি করে দেন। সেই ওয়ার্কশপের মালিক তৃতীয় আরেকজনের কাছে বিক্রি করেছেন।

“৫০ হাজার টাকা বাকি থাকায় তৃতীয় মালিককে কাগজপত্র বুঝিয়ে দেয়নি দ্বিতীয় মালিক।তৃতীয় মালিক বা তার স্বজন এই ঘটনার জন্য দায়ী।

“এই মুহূর্তে তার নাম প্রকাশ করতে চাই না,” বলেন এই পুলিশ কর্মকর্তা।

পুরনো খবর:

রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল দম্পতির