রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল দম্পতির
রাজধানীর শেওড়াপাড়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন।
নিহতরা হলেন- আতাউর রহমান (৭০) ও তার স্ত্রী রওশন আরা (৬০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায় নি।
কাফরুল থানার ওসি শিকদার শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোরে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশে হাজি আশ্রাফ আলী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হলেও চালককে এখনও গ্রেপ্তার করা যায় নি।
পুলিশ কর্মকর্তা শামীম বলেন, ভোরবেলা আতাউর রহমান ও তার স্ত্রী মোহাম্মদপুর যাওয়ার উদ্দেশ্যে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের হাজি আশ্রাফ আলী মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন।
“এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়।”
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মিরপুর থেকে গাড়িটি আসছিল। ঘটনার পরই গাড়ি ফেলে চালক পালিয়ে যায়।
“আমরা যতটুকু জেনেছি, গাড়িতে চালক ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
