২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার স্ত্রী-পুত্রের খালাস ‘খারাপ দৃষ্টান্ত’ হয়ে থাকবে: ইমরান

সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের রায় ফাঁসের ঘটনায় তার স্ত্রী ও ছেলের খালাসের রায় ‘খারাপ দৃষ্টান্ত’ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখাপত্র ইমরান এইচ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2016, 06:52 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

পুরনো খবর:

রায় ফাঁস: সাকার স্ত্রী-পুত্র খালাস, আইনজীবীসহ ৫ জনের দণ্ড

বৃহস্পতিবার বিকালে রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটা খুবই অসম্পূর্ণ একটা রায়, কেননা যারা প্রধান আসামি তাদেরকেই খালাস দেওয়া হয়েছে।

“যে আইনজীবীদের দ্বারা রায় ফাঁস করানো হয়েছে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। তারা শুধু অর্থের বিনিময়ে কাজটা সম্পূর্ণ করেছেন।”

অর্থদাতা এবং রায় ফাঁসের মূলহোতাকে বাঁচিয়ে দিয়ে এই রায়টা ‘অসম্পূর্ণ এবং অপ্রত্যাশিত’ হয়েছে বলে মন্তব্য করেন ইমরান।

“সাকা চৌধুরীর স্ত্রী-পুত্রের যে দম্ভ, তা তারা অর্থের বিনিময়ে দেখিয়েছে।সহজভাবে এই অপরাধের দায়ভার পুরো কিন্তু তাদের উপর বর্তায়।”

সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের রায় ফাঁসের ঘটনায় বৃহস্পতিবার তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে খালাস এবং আইনজীবীসহ পাঁচজনকে কারাদণ্ড দেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম।

এর মধ‌্যে ট্রাইব্যুনালে সাকার আইনজীবী ফখরুল ইসলামকে দশ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। ওই অর্থ দিতে ব‌্যর্থ হলে তাকে আরও ছয় মাস সাজা ভোগ করতে হবে।

Image
ফারহাত কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী (ফাইল ছবি)

ফারহাত কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী (ফাইল ছবি)

সাকা চৌধুরীর ম্যানেজার মাহবুবুল আহসান, ফখরুলের সহকারী মেহেদী হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেনকে দেওয়া হয়েছে সাত বছরের কারাদণ্ড।

পাশাপাশি তাদের প্রত‌্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তা না দিলে আরও এক মাস জেলে কাটাতে হবে তাদের।   

ইমরান বলেন, “যুদ্ধাপরাধীদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করার যে কথা আমরা বার বার বলে আসছি, সেটার গুরুত্ব কিন্তু এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে।

“কেননা এই যুদ্ধপরাধী পরিবারের যে অঢেল সম্পত্তি, তা তারা এখন নানাভাবে নানা কাজে ব্যবহার করছে। রায় ফাঁসের কাজে ব্যবহার করেছে এবং এখনও ব্যবহার করেই যাচ্ছে। তার প্রভাব এই রায়ে বিদ্যমান।”

আদালত মামলার গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “কয়েকজনকে খালাস দিয়ে, কয়েকজনকে লঘু দণ্ড দিয়ে মূল আসামিদের বাঁচানোর চেষ্টা করেছে।

“এই রায় আমাদের প্রত্যাশা পূরণ করেনি; জনগণের প্রত্যাশা পূরণ করেনি। এটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি।”