২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রা ঈদের পরও

কোরবানির ঈদকে সামনে রেখে পরিবারসহ অসংখ্য কর্মজীবী গ্রামের বাড়ি যাওয়ার পর ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। এদের অনেকেই যাচ্ছেন বেড়াতে, কেউ কোরবানির মাংস নিয়ে যাচ্ছেন আত্মীয় স্বজনের বাড়ি।

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2016, 02:40 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

এছাড়া টানা ছয়দিনের ছুটি শেষে বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিতে ঢাকায় ফিরছেন কেউ কেউ। তবে এদিন ঈদ ফিরতি যাত্রীদের তেমন একটা চাপ দেখা যায় নি ট্রেন-বাসসহ বিভিন্ন গণপরিবহনে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কমলাপুর রেল স্টেশন ও কয়েকটি বাস টার্মিনালে ঘুরে দেখা যায়, ঈদ ফিরতি মানুষের থেকে রাজধানী ছাড়া মানুষের সংখ্যাই তুলনামূলক বেশি।

বেড়ানো ও আত্মীয় স্বজনের বাড়ি কোরবানির মাংস নিয়ে যাওয়ার পাশাপাশি কাজ থাকায় ঈদের আগে যেতে পারেননি- এমন অনেক কর্মজীবীও বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়ছেন।

ফলে টানা ছুটিতে ফাঁকা রাজধানীর রাস্তাঘাটে এখনও ভর করেনি অতিরিক্ত গাড়ির চাপ আর চিরচেনা যানজট।

সকাল সাড়ে ১০টায় যাত্রাবাড়ি থেকে বাসে চড়ে ১০ মিনিটের মধ্যে কমলাপুর। অন্যান্য দিন এই পথ আসতে সময় লাগে কমপক্ষে আধা ঘণ্টা।

রাস্তা এমন ফাঁকা থাকায় খুশি মিরপুর সাইনবোর্ড রুটের বসুমতি পরিবহনের চালক বাবুল মিয়া।

“আইজকা রাস্তা পুরাই ফাঁকা। সকালে চিড়িয়াখানাত্থন সাইনবোর্ড আইলাম মাত্র এক ঘণ্টা। আর সময় সাড়ে তিন/চাইর ঘণ্টার কমে আইতে পারি না।”

মিরপুর ১ নম্বর থেকে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সম্মান শ্রেণির ছাত্র ইমরুল বাশারও বাসে চড়েছেন সকাল সাড়ে ১০টায়; ব্রাহ্মণবাড়িয়ায় বোনের বাড়ি যেতে মাত্র আধা ঘণ্টায় কমলাপুর স্টেশনে চলে এসেছেন তিনি।

ইমরুল বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় বোনের বাড়ি যাচ্ছি কোরবানির মাংস নিয়ে। রাস্তা একদম ফ্রি। ব্যাপক ভাল লাগে ঢাকা এমন ফাঁকা থাকলে।”

ঈদের আগের ভিড় থাকায় কুষ্টিয়ার গ্রামের বাড়ি যানেনি রাজধানীর শ্যামলীর বাসিন্দা আবুল হোসেন জীবন। পরিবারের সবাইকে নিয়ে ঈদের পরদিন রওনা হয়েছেন তিনি।

“ভিড়ের জন্য ঈদের আগে যেতে ভাল লাগে না। এজন্য পরের দিন যাই। রাস্তা একদম ফাঁকা থাকায় সময়ও কম লাগে।”

সকাল থেকে এমন মানুষের ভিড় দেখা গেছে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও; ছেড়ে যাওয়া বাসগুলো ছিল যাত্রীতে পূর্ণ।

Image
ট্রেনের টিকেটের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারের সামনে লাইন দেখা যায় বুধবার সকালে।

ট্রেনের টিকেটের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারের সামনে লাইন দেখা যায় বুধবার সকালে।

কিশোরগঞ্জ যাওয়ার জন্য সায়েদাবাদ এসেছেন যাত্রাবাড়ি এলাকার পাইকারি কসমেটিক্স ব্যবসায়ী মো. হানিফ উদ্দিন। ব্যবসায়িক কারণে প্রতিবারই ঈদের পরদিন বাড়ি যান তিনি।

“ব্যবসা রাইখা ঈদের আগে যাওন যায় না। বাড়িতে কোরবানি দিসি। পরিবার নিয়া যাইতাসি।”

ঈদ শেষে শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছেন গ্যাটকো বাংলাদেশের অর্থ বিভাগের প্রধান খুরশিদ নাঈম। 

তিনি বলেন, “ঈদ ঢাকায় করি। ঈদের পর বাচ্চাদের নিয়ে বেড়াতে যাচ্ছি নোয়াখালীর দত্তেরহাটে।”

ব্রাহ্মণবাড়িয়া রুটের তিশা পরিবহনের বাসের চালকের সহকারী মো. আলী হোসেন জানান, সবগুলো আসন পূর্ণ হওয়ার পর ইঞ্জিন কভারে বসেও যাত্রীরা গেছে।

“সকালে পুরা গাড়ি ভইরা গেসি। নামাইয়া আবার যাত্রী নিতাম আইসি।”

সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, বুধবার সকাল থেকেই সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীদের ভিড় ছিল। প্রায় সব রুটের বাস ছেড়েছে যাত্রী পূর্ণ করে।

চট্টগ্রাম ও সিলেটের বাসে ভিড় বেশি ছিল বলে জানান বাস মালিক সমিতির এই নেতা।

“সবগুলো দিকেই যাচ্ছে লোকজন। যারা ঈদের আগে যেতে পারেনি তারা, অনেকে আত্মীয় স্বজনের বাসায় কোরবানির মাংস নিয়ে যাচ্ছে। কোথাও যানজটে পড়তে হচ্ছে না। রাস্তা পুরাই ফাঁকা।”

ঈদের পরদিন যাত্রীদের মোটামুটি ভিড় দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। যাত্রীরাও টিকেটের জন্য কাউন্টারে ভিড় করছেন।

ঈদের আগের ভিড় এড়াতে বাড়ি যাননি বাড্ডার আলাতুননেসা কলেজের শিক্ষক মিজানুর রহমান। 

“ঈদের সময় ভিড় ছিল। এ কারণে যেতে পারিনি। এখন যাচ্ছি। বাসা খালি। বাসা ভালো করে লক করে এসেছি।”

কমলাপুর থেকে দুপুর পর্যন্ত ১৬টি আন্তঃনগর ৩০টির বেশি ট্রেন ছেড়ে গেছে বলে জানান রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী।

এসব ট্রেন ছেড়ে যাওয়ার আগে ঢাকার বাইরে থেকে ঈদফেরত যাত্রী নিয়ে এসেছে; বেলা পৌনে ২টার দিকে ময়মনসিংহ থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে এসে পৌঁছে।

এই ট্রেনের ফিরতি যাত্রায় কিছুটা ভিড় থাকলেও যাত্রী চাপ নেই বললেই চলে।

স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে কিছু কিছু লোক আসছে। তেমন ভিড় নেই। কাল থেকে ভিড় হবে বলে আমরা আশা করছি।”