কূটনীতিকদের নিরাপত্তায় সরকারের একগুচ্ছ প্রস্তাব
গুলশানের ক্যাফেতে জঙ্গি হামলার প্রেক্ষাপটে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, এখন থেকে দূতাবাসগুলো অতিরিক্ত নিরাপত্তাবাহিনী হিসেবে আনসার ব্যাটালিয়েনের সদস্যদের নিয়োগ করতে পারবে।
সেইসঙ্গে অনুমতি নিয়ে বুলেটপ্রুফ গাড়ি আনতে এবং হলুদ নম্বর প্লেটের সঙ্গে সাদা নম্বর প্লেটও তারা ব্যবহার করতে পারবে।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সামনে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনীতিকদের নিরাপত্তা জোরদারে সরকার সবকিছু করেছে এবং এসব পদক্ষেপে তারা খুশি।
১ জুলাই কূটনীতিক পাড়ার মধ্যে হলি আর্টিজান বেকারিতে হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হয়।
হামলার পর নতুন নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন কূটনীতিকরা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “শক্তিশালী নিরাপত্তা পদক্ষেপে বিদেশি নাগরিকরা আস্থা ফিরে পেয়েছেন।
“গত কয়েক সপ্তাহে শীর্ষ পর্যায়ের কয়েকটি সফরের মধ্যে তার প্রতিফলন ঘটেছে,” তার উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক দেশে কূটনীতিকরা ‘আর্মার্ড বা বুলেটপ্রুফ ভেহিকল’ ব্যবহার করে। এটা বাংলাদেশে নতুন নয়।
গুলশান হামলার পর পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী ও বিভিন্ন বাহিনীর সদস্যদের কূটনীতিক ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তায় টাস্কফোর্স গঠন করেছে সরকার।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে প্রায় ৬০ জন কূটনীতিক ছিলেন, যাদের বেশিরভাগই রাষ্ট্রদূত ও হাই কমিশনার।
কানাডা ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের আগে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
পরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক উপস্থিত ছিলেন।
