২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাপ বেড়েছে সদরঘাটে

কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর সদরঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 05:38 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

রাজধানী থেকে নৌপথে দেশের দক্ষিণাঞ্চলে যাওয়ার এই ঘাট থেকে শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত ছেড়ে গেছে ২৬টি লঞ্চ; ছেড়ে যাওয়ার অপেক্ষায় ছিল প্রায় ৯০টি লঞ্চ।

বাংলাদেশ অভ‌্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) পরিবহন পরিদর্শক (টিআই) সৈয়দ মাহফুজুর রহমান বলেন, শুক্রবার সকালে ‘বেশ ভিড়’ ছিল। পরে বেলা বাড়লেও যাত্রীদের চাপ বাড়েনি।

বিআইডাব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন বলেন, বৃহস্পতিবার সারাদিন সদরঘাট থেকে ৯৪টি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলে ছেড়ে যায়। শুক্রবার চাপ থাকায় এ সংখ্যা ১২০ ছাড়াতে পারে।

তিনি জানান, বৃহস্পতি ও শুক্রবার অতিরিক্ত যাত্রী বা পন্টুনে লঞ্চ ভেড়ানো নিয়ে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সদরঘাটে তিন শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি আবুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফুলবাড়িয়া থেকে যাত্রীদের আসতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, কোনো ধরনের হয়রানি যাতে না পোহাতে হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সদরঘাটে পৌঁছতে যাত্রীদের যেন যানজটের মুখোমুখি হতে না হয় সেজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ঈদ উপলক্ষে সদরঘাটে ৩২টি সিসি ক্যামেরা বসানোর কথা জানিয়ে বিআইডাব্লিউটিএ কর্মকর্তা জয়নাল বলেন, কোনো লঞ্চ যাতে অতিরিক্ত যাত্রী নিতে না পরে সেজন্য দুজন ম‌্যাজিস্ট্রেট তদারকি করছেন।

ঈদের দুই দিন আগে সদরঘাট দিয়ে প্রতিদিন গড়ে দুই লাখ মানুষ রাজধানী ছাড়ে জানিয়ে তিনি বলেন, এজন‌্য এবারও দেড়শ লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।

সকালে সদরঘাটে ঈদের যাত্রীদের চাপ থাকলেও লঞ্চ মালিক সমিতির উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু দুপুরে বলেন, যাত্রীদের তেমন চাপ নেই। তবে পটুয়াখালীর কালাইয়া ও রাঙাবালির কিছু যাত্রী পাওয়া গেছে।

বিকাল থেকে সন্ধ্যার মধ‌্যে যাত্রীদের ঢল নামতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ অভ‌্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক মো. বরকত উল্লাহ জানান, সদরঘাট থেকে সন্ধ্যা ৬টায় পিরোজপুরের হুলারহাট যাবে এমভি লেপচা এবং সাড়ে ৬টায় বাগেরহাটের মোড়েলগঞ্জ যাবে এমভি বাঙালি।

বৃহস্পতিবারও স্টিমার দুটি হুলারহাট এবং মোড়েলগঞ্জ যায় বলে তিনি জানান।

যাত্রীর চাপ কেমন জানতে চাইলে বরকত উল্লাহ বলেন, স্টিমারে চাঁদপুর থেকে বেশি যাত্রী পাওয়া যায়। কারণ চট্টগ্রামসহ ওই অঞ্চলের যাত্রীরা চাঁদপুর হয়ে বরিশাল ও অন্যান্য জেলায় যায়।

ঈদ উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত স্টিমার দুটি চলাচল করবে বলেও তিনি জানান।