২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ দফায় নিয়োগ পাচ্ছেন প্রাথমিকের প্যানেল শিক্ষকরা

কয়েকটি শর্ত দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্যানেল শিক্ষকদের চতুর্থ দফায় নিয়োগের নির্দেশ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 12:45 AM

Updated : 20 Aug 2022, 01:38 PM

আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে সদ্য জাতীয়করণ করা বিদ্যালয়ে প্যানেল শিক্ষককের পদায়ন করতে বৃহস্পতিবার সংশ্লিষ্টদের নির্দেশনা পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এর আগে সরকারি প্রাথমিকে নিয়োগের জন্য প্যানেলভুক্ত ৪২ হাজার ৬১১ জনের মধ্যে তিন দফায় ৩৩ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সদ্য জাতীয়করণ করা বিদ্যালয়ে পদ শূন্য হলে ওই সমস্ত পদে প্যানেল শিক্ষকদের নিয়োগ অব্যাহত থাকবে।

“যে সকল থানা বা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জাতীয়করণকৃত বিদ্যালয়ে বেশি বদলি হয়েছে শুধুমাত্র ওই সমস্ত থানা বা উপজেলায় সমসংখ্যক পদেই নিয়োগ দেওয়া যাবে।”

এই আদেশের ফলে যে পরিমাণ বেশি শিক্ষক জাতীয়করণকৃত বিদ্যালয়ে বদলি হয়ে এসেছে শুধুমাত্র সে পরিমাণ পদে প্যানেল হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করা যাবে।

তবে যে সব থানা বা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জাতীয়করণ করা বিদ্যালয়ে এবং জাতীয়করণ করা বিদ্যালয় থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমসংখ্যক সহকারী শিক্ষক বদলি হয়েছে সে উপজেলায় নিয়োগ দেওয়া যাবে না।

এছাড়া যে সকল থানা বা উপজেলায় জাতীয়করণ করা বিদ্যালয় থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশি সহকারী শিক্ষক বদলি হয়েছে সে সকল উপজেলায়ও নিয়োগ দেওয়া যাবে না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ৬ জুন সদ্য জাতীয়করণ করা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম পদসহ সকল শূন্যপদে প্যানেল শিক্ষকদের নিয়োগের নির্দেশ দেয়।

প্রথম দফায় ১১ হাজার ৪৩৬ জন, দ্বিতীয় দফায় ১৮ হাজার ৮১৯ জন এবং তৃতীয় দফায় নিয়োগ পান ৩ হাজার ৪০০ জন নিয়োগ পান।

রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি (নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলা ও কল্যাণ) নীতিমালা-২০০৯ অনুযায়ী সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০১০ সালের ২১ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার।

ওইসব বিদ্যালয়ে পর্যায়ক্রমে নিয়োগ দিতে পরীক্ষার মাধ্যমে ২০১২ সালের ৮ এপ্রিল ৪২ হাজার ৬১১ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়। এদের মধ্য থেকে আগেই ১০ হাজার ৫১৪ জন নিয়োগ পান।

২০১৩ সালে বেশিরভাগ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলে প্যানেলে থাকা বাকিদের নিয়োগ ঝুলে যায়। এরপর আন্দোলনে নামের এসব প্রার্থীরা।

দীর্ঘদিন আন্দোলনে কাজ না হওয়ার প্রথমে প্যানেলভুক্ত ১০ প্রার্থী হাই কোর্টে রিট করে নিজেদের পক্ষে রায় পান।

পরে এ বিষয়ে আরও ৪৯০টি রিট আবেদন হাই কোর্ট নিষ্পত্তি করে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগ দিতে নির্দেশ দেয়।

হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজের পর তা পুর্নবিবেচনা চেয়ে করা রিভিউ আবেদনও গত ১১ ফেব্রুয়ারি খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। এরপরেই প্যানেলে থাকা প্রার্থীদের নিয়োগের পথ খুলে।