২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নে সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

স্থানীয় উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের পাশপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 10:30 PM

Updated : 12 Apr 2022, 02:50 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় বৃহত্তর ময়মনসিংহ সমিতির একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সমিতির আহ্বায়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ। এসময় বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলা- ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও নেত্রকোণা জেলা সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, স্থানীয় বিভিন্ন উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের পাশপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও এগিয়ে আসতে পারে।

“বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের তরুণরা যাতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং কর্মসংস্থানের সুযোগ পায় সে ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।”

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য বহু পুরাতন মন্তব্য করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ অঞ্চলের ঐতিহ্য তুলে ধরতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান হামিদ।

ওই অঞ্চলের ছয়টি জেলার সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করে সেগুলোর উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান আবদুল হামিদ।

এ কাজে সরকারের পাশাপাশি যাতে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসেন সে লক্ষ্যে সমিতি নেতাদের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

সমিতির আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, ইতোমধ্যে সমিতির পক্ষ থেকে সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে চিকিৎসা সেবা দিচ্ছেন তারা। এছাড়া ময়মনসিংহ অঞ্চলের সাহিত্য-সংস্কৃতির প্রসার ঘটাতে সমিতির উদ্যোগে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ছয় জেলার প্রতিনিধিরা এসময় নিজ নিজ জেলার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে এ বিষয়ে তার সহযোগিতা চান বলে জানান প্রেস সচিব।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।