২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ শুধু বাংলাদেশকে খুঁজত: নীরা কাদরী

প্রবাস জীবনে কবি শহীদ কাদরীর শেষ দিনগুলোতে সঙ্গী ছিলেন তিনি; কবি শুধু স্বামী নন, সবচেয়ে কাছের বন্ধু ছিলেন বলে জানালেন নীরা কাদরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 10:45 PM

Updated : 11 Oct 2022, 08:41 PM

সদ্যপ্রয়াত আধুনিক বাংলার অন্যতম প্রধান কবি শহীদকে নিয়ে বুধবার ঢাকায় এক স্মরণসভায় বক্তব্যে জীবনসঙ্গী সম্পর্কে উপলব্ধি প্রকাশের পাশাপাশি কবির নানা দিক তুলে ধরলেন তিনি।

শহীদ কাদরীকে ‘প্রিয়তম বন্ধু’ সম্বোধন করে নীরা বলেন, “আমি এত ভাগ্য নিয়ে জন্মেছি যে, কিছুদিনের জন্য হলেও আমি শহীদকে পেয়েছি। শহীদ আমাকে এখনও ‘হিপনোটাইজড’ করে রেখেছে।

“আমার কখনও মনে হয় না শহীদ নেই। আমি যেদিকে তাকাই শহীদকে দেখতে পাই।”

নীরা কাদরী ছিলেন শহীদ কাদরীর তৃতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী নাজমুন্নেসা পিয়ারি জার্মান প্রবাসী। দ্বিতীয় স্ত্রী ডানা ইসলাম মারা গেছেন।

নিউ ইয়র্কে কবির শেষজীবনে নীরাই ছিলেন তার নিত্য সঙ্গী। মৃত্যুর সময়েও তিনি তার পাশেই ছিলেন।

“আমি ধন্য আমার জীবনে আমি শহীদকে পেয়েছিলাম,” বলেন নীরা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের কবিতা আসরের রীতিনীতি ‘পাল্টে দিয়েছিলেন’ শহীদ কাদরী। তখন থেকে আবৃত্তিতে গুরুত্ব পায় বাংলা কবিতা।

শহীদ কাদরী কবি শামসুর রাহমানকে ‘দুই বাংলার প্রধান কবি’ মনে করতেন বলে জানান তিনি।

কবি দেশে ফিরে কাব্যরচনা, দেশের মানুষের কাছে ফিরে ‘নিজেকে ফিরে পাওয়ার’ আকাঙ্ক্ষা ব্যক্ত করে গেছেন বলে জানান নীরা কাদরী।

“তার মনে, ভাবনায়, হৃদয়ে, লেখা- সব জায়গায়, সব কোণে শহীদ কেবল বাংলাদেশকে খুঁজত। বাঙালি ছেলে-মেয়ে যারা তার কাছে আসত, শহীদ তাদের হাত ধরে বলত, ‘তোমাদের হাত ধরে আমি যেন বাংলাদেশের হাতটি ধরে আছি।’

“শহীদ বাংলাদেশে আসতে চেয়েছিল বারবার। তার অন্তরে ছিল শুধু বাংলাদেশ।”

গত ২৮ অগাস্ট নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান ৭৪ বছর বয়সী শহীদ কাদরী।

কলকাতায় জম্ম নেওয়া শহীদ কাদরী সাতচল্লিশে দেশভাগের পর বাংলাদেশে আসেন। ১৯৭৮ সালের পর থেকেই বাংলাদেশের বাইরে ছিলেন তিনি। জার্মানি, ইংল্যান্ড হয়ে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন তিনি।

স্মরণসভায় শহীদ কাদরীকে নিয়ে স্মৃতিচারণ করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

“শহীদ কাদরীর সঙ্গে আমার পরিচয় ১৯৭৩ সালে, বাংলা একাডেমিতে। খুব অল্প দিনে আমাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কৌতূক, হাসি, ঠাট্টা, শ্লেষ- এই তো আমাদের চেনা শহীদ কাদরী। তরুণ বিষণ্ন কবি হিসেবে তাকে আমি দেখতে চাই না।”

‘বাল্যবন্ধু’ কবি শহীদ কাদরীকে মূল্যায়নে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “শহীদ কাদরীর নাগরিকতা অর্জিত নয়, স্বভাবজাত। গ্রাম দেখতে সে বেরিয়ে পড়েছিল শহর ছেড়ে। তার কবিতায় পুনরাবৃত্তি ছিল না।”

শহীদ কাদরী বাংলা কবিতার একটি সংকলন বের করতে চেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, “শহীদ তা করে যেতে পারেনি। করতে পারলে সেই সংকলনের প্রতিটি পাতায় শহীদের কাব্যরুচির পরিচয় পেতাম। শহীদ তার কবিতার মাধ্যমে বেঁচে থাকবেন চিরকাল।”

বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই  সভায় স্বাগত বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “শহীদ কাদরী মাত্র ১২৬টি কবিতা লিখেছেন। তার সেই কবিতাগুলো হাজারো কবিতা থেকেও শক্তিশালী।”

শহীদ কাদরীকে ‘কালোত্তীর্ণ কবি’ অভিহিত করে তিনি বলেন, “সমকালীন তারুণ্যের সঙ্গে কবি শহীদ কাদরীর অবস্থানগত দূরত্ব থাকলেও তার কবিতায় ফুটে উঠেছে সামাজিক দায়বদ্ধতা, নাগরিক বোধের কথা।”

কবি কায়সার হক বলেন, “নতুন প্রজন্ম যারা কবিকে চাক্ষুস দেখেনি, তারা কেবল তার কবিতা পড়েই জীবনকে জানবে, সাহিত্য ও দেশকে ভালোবাসতে শিখবে।”

স্মৃতিচারণার ফাঁকে ভাস্বর বন্দ্যোপাধ্যায় এসে আবৃত্তি করেন কবির জনপ্রিয় কবিতা ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, “কবির সঙ্গে আমার পরিচয় ঘটল তার মৃত্যুর মধ্য দিয়ে। তিনি তার কবিতায় আধুনিকতার চর্চা করেছেন।”

শহীদ কাদরীর কবিতা যথাযথভাবে সংরক্ষণের অনুরোধ জানিয়ে সাংসদ ও কবি কাজী রোজী বলেন, “জীবন-মরণের সন্ধিক্ষণে আমি তাকে দেখেছি, চিনেছি, বুঝেছি। আমার কথা, চিন্তা আর মননে এখনও ঘুরপাক খাচ্ছে শহীদ কাদরীর কবিতা।”

শহীদ কাদরীকে ‘নাগরিক কবি’ অভিধা দিয়ে কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ বলেন, “তিনি কবিতায় দার্শনিকতার কথা বলেছেন, সমাজের অধঃপতিত মানুষের কথা বলেছেন। তার কবিতা অনুকরণীয়। তার কবিতা অনুভব করে আমরা ছাত্রজীবনে কবিতা লেখার চেষ্টা করেছি।”

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি প্রাবন্ধিক মফিদুল হক বলেন, “কবি শহীদ কাদরী দিনে দিনে উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলতর হয়ে উঠেছেন। অস্তিত্বের বর্ণালী ছটায় তিনি মানবসভ্যতার অংশীজন  হয়েছেন। কবিতায় তিনি বলেছেন দ্বিখণ্ডিত মানবসভ্যতার কথা। উচ্ছল-উদ্দামতার পেছনে নিবিড় বেদনা ছিল তার। সেই বেদনায় তিনি অসাধারণ সব কবিতা লিখেছেন।”

নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, “আমরা শহীদ কাদরীকে তখনই সঠিকভাবে মূল্যায়ন করতে পারব, যখন তার কবিতা আমরা পড়ব, অনুভবে মুল্যায়ন করব।”

সভায় শহীদ কাদরীকে নিযে স্মারকগ্রন্থ ‘অভিবাদন শহীদ কাদরী’র মোড়ক উন্মোচন করেন অতিথিরা। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ১৫১ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ১০০ টাকা।