ঢাকায় সুবিদ আলীর কুশপুত্তলিকা দাহ
জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি বলায়’ কুমিল্লার সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার কুশপুত্তলিকা দাহ করেছে বঙ্গবন্ধু ন্যাশনাল ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন শেষে তার কুশপত্তলিকা দাহ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
গত ১৭ অগাস্ট সংসদীয় কমিটির বৈঠকে সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ লেখায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তার ব্যাখ্যা দাবি করতে পারে কি না, তা জানতে চান।
এর পরিপ্রেক্ষিতে সুবিদ আলী জিয়াকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলেন বলে বৈঠকে অংশ নেওয়া একাধিক সদস্যের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। তবে পরদিন এক সংবাদ সম্মেলনে সুবিদ আলী এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি জিয়াকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলেননি।
একইদিন সুবিদ আলীর বিচার দাবিতে কুমিল্লায় তার কুশপুত্তলিকা দাহ করেন আইনজীবীরা। ‘ওই বক্তব্যে’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানহানি হওয়ার অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলাও করেছেন কুমিল্লার এক যুবলীগ নেতা।
মানববন্ধনে সংগঠনের সভাপতি রেজিয়া খানম বলেন, “এই সুবিদ আলী ভূঁইয়া বহুদিন বিএনপি থেকে নমিনেশন নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তার আসনে খন্দকার মোশাররফ হোসেন থাকায় তিনি আর কুলিয়ে উঠতে পারেনি।
“ব্যর্থ হয়ে পরে বিএনপির গুপ্তচর হয়ে আওয়ামী লীগের টিকেটে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।”
বর্তমান সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন।
চাকরি শেষে বিএনপির মনোনয়ন চেয়েও না পেয়ে ২০০১ সালে কুমিল্লার দাউদকান্দি (কুমিল্লা-১) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০৮ সালে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিএনপির প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফকে হারিয়ে সাংসদ হন।
নবম সংসদে বিদ্যু ৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর এবার দশম সংসদে ফের নির্বাচিত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হন সুবিদ আলী।
সুবিদ আলীর চরিত্রে পরিবর্তন আসেনি মন্তব্য করে বঙ্গবন্ধু ন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি বলেন, “অগাস্ট মাসে জাতির সামনে মহান সংসদে এক বৈঠকে নির্লজ্জ মিথ্যাচার করে জিয়াকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বানানোর চেষ্টা করেছেন তিনি।”
জিয়াউর রহমান কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না দাবি করে রেজিয়া খানম বলেন, “বঙ্গবন্ধুর পরিবার, জাতীয় চারনেতাসহ অসংখ্য মুক্তিযোদ্ধাকে হত্যা করে তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন।”
সুবিদ আলীর কুশপুত্তলিকা দাহ করার কারণ হিসেবে তিনি বলেন, “এই সুবিদ আলী ভূঁইয়া খুনি খন্দকার মোশতাকের উকিল জামাই। তাই আমরা তার কুশপুত্তলিকা দাহ করতে বাধ্য হয়েছি।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর খন্দকার মোশতাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। ১৫ অগাস্ট থেকে ৬ নভেম্বর পর্যন্ত অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
মোশতাক মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধান নিয়োগ করে যান। ৭ নভেম্বর সামরিক অভ্যুত্থানের পর তিনি শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তখন বিচারপতি সায়েমকে দেশের রাষ্ট্রপতি ও প্রধান সামরিক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সায়েম ১৯৭৬ সালের ২৯ নভেম্বর জিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করেন; জিয়া হন প্রধান সামরিক আইন প্রশাসক। ১৯৭৭ এর ২১ এপ্রিল স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সায়েম রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালে জিয়া ওই দায়িত্বও নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হক।
