১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় সুবিদ আলীর কুশপুত্তলিকা দাহ

জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি বলায়’ সুবিদ আলী ভূঁইয়ার বিচারের দাবিতে কুমিল্লায় তার কুশপুত্তলিকা দাহ করেছেন আইনজীবীরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 11:03 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

Image
সুবিদ আলী ভূইয়া

পুরানো খবর:

জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলিনি: সুবিদ আলী ভূঁইয়া

পুরানো খবর:

জিয়াকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বললেন আ. লীগ এমপি

বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলা আদালতের সামনে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে একদল আইনজীবী তার কুশপুত্তলিকা দাহ করেন।

এ সময় সুবিদ আলীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও তার বিচার দাবি করেন আনিসুর রহমানসহ বেশ কয়েকজন আইনজীবী।

বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে কুমিল্লা-১ এর সরকার দলীয় সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করেন বলে ওই বৈঠকে থাকা কমিটির একাধিক সদস‌্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বৃহস্পতিবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা অস্বীকার করেন তিনি।

বর্তমান সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন।

চাকরি শেষে বিএনপির মনোনয়ন চেয়েও না পেয়ে ২০০১ সালে কুমিল্লার দাউদকান্দি (কুমিল্লা-১) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি।

এরপর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০৮ সালে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিএনপির প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেনকে হারিয়ে সংসদ সদস‌্য হন।

নবম সংসদে বিদ‌্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর এবার দশম সংসদে ফের নির্বাচিত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হন সুবিদ আলী।