২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মন্ত্রীর পদত্যাগের প্রয়োজন নেই: আইনমন্ত্রী

সর্বোচ্চ আদালতের বিচারে ‘সংবিধান রক্ষার শপথ ভঙ্গকারী’ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পদত্যাগ করার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্র্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 03:53 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক এ মন্তব্য করেন।

দুই মন্ত্রীর বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, “এমপিদের ডিসকোয়ালিফিকেশনের বিষয়ে আর্টিকেল ৬৬ (সংবিধানের ৬৬ অনুচ্ছেদ) এ ক্লিয়ারলি দেওয়া আছে।… সেই ডিসকোয়ালিফিকেশনের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রীগণ পড়েন না, এই সাজার পরেও।”

আনিসুল বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের বয়স কিন্তু খুব কম। এখানে শপথ ভঙ্গের জন্য এমন কোনো দণ্ড নেই যে তা করলে তাদেরকে এটা করতে হবে। এ রকম কোনো আইনও নাই, বিধানও নাই, এমনকি কোনো কনভেনশনও নাই।”

আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি খুব সাবধানে কথা বলতে চান, যাতে আদালত অবমাননা না হয়। 

“আপিল বিভাগ রায় দিয়েছেন। পাঁচজন বিজ্ঞ বিচারপতি বলেছেন যে শপথ ভঙ্গ হয়েছে, তারা কিন্তু বলে দেন নাই যে শপথ ভঙ্গের কারণে তাদের মন্ত্রিত্ব নাই।… তারা বলেছেন, অবমাননার কারণে তারা যে ক্ষমা চেয়েছিলেন তা গ্রহণ না করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে।

“তিনজন মাননীয় বিচারপতি শপথ ভঙ্গের ব্যাপারে একমত হন নাই। তারা পরিষ্কার বলেছেন, যখন তাদের বিচার করা হচ্ছিল তখন এই ইস্যুটা (শপথ ভঙ্গ) সামনে আসে নাই, এই ইস্যুটা নিয়ে কোনো রুল ইস্যু করা হয় নাই। যেহেতু রুল ইস্যু করা হয় নাই এটাকে বিবেচনায় আনাই আইনসম্মত না, কারণ তাকে জবাব দেওয়ার অধিকার দেয় নাই।”

Image
কামরুল ইসলাম ও মোজাম্মেল হক

কামরুল ইসলাম ও মোজাম্মেল হক

ফাঁসি কার্যকর হওয়া যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিল রায়ের আগে সর্বোচ্চ আদালতকে নিয়ে করা মন্তব্যের জন্য কামরুল-মোজাম্মেলকে অবমানার দায়ে সাজা দেয় সর্বোচ্চ আদালত। গত ২৭ মার্চ দেওয়া ওই রায় গত বৃহস্পতিবার প্রকাশ করে সুপ্রিম কোর্ট।

কামরুল ইসলাম ও মোজাম্মেল হক কামরুল ইসলাম ও মোজাম্মেল হক পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, “সংবিধানে বর্ণিত আইনের শাসন রক্ষার যে শপথ বিবাদীরা নিয়েছেন, সেই দায়িত্বের প্রতি তারা অবহেলা করেছেন।

“তারা আইন লঙ্ঘন করেছেন এবং সংবিধান রক্ষা ও সংরক্ষণে তাদের শপথ ভঙ্গ করেছেন।”

আদালতের রায়ে শপথ ভঙ্গ হওয়ায় দুই মন্ত্রী পদে থাকার অধিকার হারিয়েছেন বলে মত দেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক। বিএনপির পক্ষ থেকেও দুই মন্ত্রীর অপসারণ চাওয়া হয়।

এ বিষয়ে হাই কোর্টে একটি রিট আবেদনও করেছেন ইউনুছ আলী আকন্দ নামের এক আইনজীবী।

রায়ের বিষয়ে মোজাম্মেল শনিবার এক আলোচনা অনুষ্ঠানে বলেন, তিনি ‘জেনেশুনে’ সংবিধান লঙ্ঘন করেননি।

আর কামরুল মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, “একাত্তরের ঘাতকদের বিচার একটা চলমান প্রক্রিয়া। এই বিচারের পক্ষে আছি, থাকব। বিচার প্রত্যাশীদের পক্ষে আমার মুখে কথা বলেই যাব।”