২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরের লিংকন হত্যায় দুইজনের প্রাণদণ্ড

শরীয়তপুরের পালংয়ে লিংকন নামের এক তরুণকে অপহরণের পর হত্যার দায়ে দুইজনের ফাঁসির রায় দিয়েছে ঢাকার দ্রুত বিচার আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 01:41 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সর্দার বুধবার আসামিদের উপস্থিতিতে তিন বছর আগের এই হত‌্যা মামলার রায় ঘোষণা করেন।

দুই আসামি হলেন- সোহাগ হাওলাদার ও আতাবুর রহমান বাবলু।

সর্বোচ্চ সাজার আদেশের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।

শরীয়তপুরের পালংয়ের বেড়া চিকন্দি এলাকার মো. মোজাম্মেল খাঁর ছেলে ১৮ বছর বয়সী লিংকনকে ২০১৩ সালের ২৫ জুন অহরণের পর হত‌্যা করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, প্রতিবেশী সোহাগ হাওলাদার সেদিন মোবাইল ফোনে লিংকনকে ডেকে নিয়ে যায়। চার দিন পর বিনোদপুর শিমুলতলী এলাকার পাটক্ষেতে ওই তরুণের গলিত লাশ পাওয়া যায়।

এরপর তার বাবা মো. মোজাম্মেল খাঁ পালং থানায় মামলা করেন। সেখানে তিনজনকে আসামি করা হয়। তদন্ত শেষে শরীয়তপুরের পুলিশ সোহাগ ও বাবলুর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা মোটরসাইকেলসহ লিংকনকে ডেকে নিয়ে গিয়ে জুসের মধ্যে নেশাজাতীয় তরল পান করিয়ে তাকে অচেতন করে। পরে তাকে হত‌্যা করে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

পরে মামলাটি ঢাকায় দ্রুত বিচার ট্রাইব‌্যুনালে পাঠানো হলে দুই আসামির বিচার শুরু করে আদালত। বাদীপক্ষে মোট ১১ জন এ মামলায় সাক্ষ্য দেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, “এখন অপহরণ, খুন, গুম অহরহ ঘটছে। দেশে আইনের শাসন ও ন‌্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আসামিদের শাস্তি দেওয়া না গেলে নৃশংস হত্যাসহ এ জাতীয় অপরাধ থেকে সমাজকে মুক্তি দেওয়া সম্ভব নয়।”