পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগ
রাজধানীর পুরান ঢাকার বংশালে সুয়ারেজ লাইন নিয়ে দুইপক্ষের মারামারিতে এক ব্যবসায়ী মারা গেছেন।
নিহত মোখলেছুর রহমান (৬০) আবুল হাসনাত রোডের ৭০/২ নম্বর বাড়িতে থাকতেন। তিনি পর্দার ব্যবসা করতেন।
বংশাল থানার ওসি নুর আলম সিদ্দিক জানান, সোমবার সন্ধ্যায় বংশালের আবুল হাসনাত রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, স্থানীয় ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আউয়ালের গাড়ি চালক মো. জাহাঙ্গীরের সঙ্গে মোখলেছুরের কথা কাঁটাকাটি ও হাতাহাতি হয়।
এসময় মোখলেছুর রহমান অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের লোকজন তাকে হত্যা করেছে।
মোখলেছুরের ভাতিজা কামাল হোসেন বলেন, “আমার চাচাকে কমিশনারের লোকজন মারধর করে বলেছে তাকে মেরে ফেলবে।”
জাহাঙ্গীরের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন মোখলেছুরের ছোট ভাই মো. ফারুক হোসেন।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে জানিয়ে বংশালের ওসি নুর আলম সিদ্দিক বলেন, অভিযোগের ভিত্তিতে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।
