আব্দুর রহিমের মৃত্যুতে মন্ত্রিসভার শোক
দিনাজপুরের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এম আব্দুর রহিমের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।
সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সর্বসম্মতভাবে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।
চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম (৯০) গত রোববার মারা যান। তিনি হাই কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাবা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রবীণ রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুর সঙ্গে কনস্টিটিউশন এসেম্লিতে থাকা এম আব্দুর রহিম ইন্তেকাল করেছেন। উনার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য একটি শোক প্রস্তাব মন্ত্রিসভা গ্রহণ করেছে।
ইটভাটা আইন প্রত্যাহার
‘ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০১৬’ মন্ত্রিসভা বৈঠকে উঠলেও তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
তিনি বলেন, “আইনটি প্রত্যাহার করে নেওয়ায় এটা নিয়ে আর আলোচনা হয়নি। প্রি-ম্যাচিউরড মনে করে এটাকে প্রত্যাহার করে পরে আনতে বলা হয়েছে।
“যে আইনটা আনা হয়েছে এর প্রায় সব বিষয়ই আগের আইনে আছে। খুব অল্প কয়েকটি সংশোধন। আরেকটু বড় পরিসরে পরীক্ষা করে নিয়ে আসার জন্য বলা হয়েছে।”
