২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে দীর্ঘ ছুটির হাতছানি

কোরবানির ঈদে নির্ধারিত তিন দিন ছুটির সঙ্গে আগে ও পরে আরও দুই দিন যুক্ত করা যায় কি না- সে বিষয়ে একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 02:07 PM

Updated : 12 Apr 2022, 02:49 AM

প্রস্তাব অনুযায়ী সরকার ওই দুই দিন ছুটি ঘোষণা করলেই সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এবার ঈদে টানা নয় দিনের অবকাশ মিলে যাবে সরকারি চাকুরেদের।

রোববার থেকে বাংলাদেশে হিজরি পঞ্জিকার জিলহজ মাস শুরু হওয়ায় এবার কোরবানির ঈদ হবে ১৩ সেপ্টেম্বর। সে অনুযায়ী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর কোরবানির ঈদের সরকারি ছুটি নির্ধারিত আছে।

নির্ধারিত ওই ছুটির আগে ১১ সেপ্টেম্বর রোববার এবং ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার। গত রোজার ঈদের মত এবারও যদি প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ওই দুই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়, তাহলে আগে ও পরের শুক্র-শনি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আরও চার দিন ছুটি পেয়ে যাবেন।    

সেক্ষেত্রে ৯ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা বন্ধ থাকবে বাংলাদেশের সব সরকারি অফিস আদালত। 

তাতে মানুষ আরও একটু স্বস্তি নিয়ে গ্রামে গিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে পারবে- এই যুক্তি দেখিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার মন্ত্রিসভার বৈঠকে ১১ ও ১৫ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব দেয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ছুটি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে; সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

“সামারি এখনও সাইন হয়নি, প্রক্রিয়া চলছে। ঈদে দুই দিন ছুটি দিলে সেটা পুষিয়ে দেওয়া হবে।”

১১ ও ১৫ সেপ্টেম্বর ছুটি না দেওয়া হলে লোকজন ‘ফাঁকিজুকি’ দেবেন মন্তব্য করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ছুটি দেওয়ার প্রক্রিয়া হাফ-ডান।”

তবে শেষ পর্যন্ত পুরো নয় দিনের ছুটি নাও মিলতে পারে বলে আভাস পাওয়া গেছে বৈঠকে উপস্থিত মন্ত্রিসভার এক সদস‌্যের কথায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৈঠকে উপস্থিত মন্ত্রিসভার অধিকাংশ সদস‌্য ১১ তারিখ ছুটি দিলেই যথেষ্ট হবে বলে মত দিয়েছেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

গত রোজার ঈদেও নির্বাহী আদেশে এক দিন ছুটি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আর তাতে ছুটি দাঁড়িয়েছিল টানা নয় দিন। তবে বাড়তি ছুটির বিষয়টি পুষিয়ে দিতে ঈদের পর এক শনিবার সরকারি অফিস আদালত খোলা রাখা হয়েছিল।