সব উদ্বেগ-উৎকণ্ঠার অবসান: শাহরিয়ার কবির
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরে সব উদ্বেগ-উৎকণ্ঠার অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
শনিবার রাতে ফাঁসি কার্যকরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ফাঁসির মাধ্যমে একটা ধাপের শেষ হল। সব উদ্বেগ-উৎকণ্ঠার অবসান হয়েছে। বিচারপ্রত্যাশী গোটা জাতি স্বস্তি বোধ করছে।”
এখন মীর কাসেমের রেখে যাওয়া অর্থ যাতে জঙ্গিবাদী কর্মকাণ্ডে না যায় সেদিকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন শাহরিয়ার কবির বলেন, “মীর কাসেমের ফাঁসির মাধ্যমে তার যে টাকার খেলা সেটা বন্ধ হয়ে যাবে সেটা আমি মনে করি না। সে বিশাল যে বিত্তবৈভবের সাম্রাজ্য রেখে যাচ্ছে সেটা কিন্তু ব্যয় হবে আরও মীর কাসেম ও আল বদর তৈরির জন্য, আরও গুলশান হলি আর্টিজান ঘটনার পুনরাবৃত্তির জন্য।”
এই যুদ্ধাপরাধীর সম্পদ অর্জন ও ব্যয় অনুসন্ধানে বিশেষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, “মীর কাসেম একাত্তর সালে হতদরিদ্র পরিবারের একজন ছিলেন। এই টাকাটা কোত্থেকে এলো? এই সময়ের মধ্যে তিনি এ বিশাল সম্পদ কীভাবে অর্জন করলেন এটা আমাদের জানতে হবে।
মীর কাসেম আলী
মীর কাসেমসহ সব গণহত্যাকারীর স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে সেগুলো শহীদ পরিবার এবং মুক্তিযুদ্ধে নির্যাতিতদের কল্যাণে ব্যয় করার দাবি জানান তিনি।
“যাদের দণ্ড হয়েছে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আইন করতে হবে।”
পাকিস্তান থেকে ক্ষতিপূরণ আদায়ের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে শাহরিয়ার কবির বলেন, “এই ক্ষতিপূরণ দাবি অভিনব কোনো কিছু নয়। জার্মানি এবং জাপানে সত্তর বছর যদি দেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে আমরা কেন পাকিস্তানকে বলছি না যে, তোমরা যে গণহত্যা চালিয়েছ সেটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।”
