কাসেমের ফাঁসিতে শাহবাগে উল্লাস
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
শনিবার রাত সাড়ে ১০টায় গাজীপুরের কাশিমপুর কারাগারে একাত্তরে চট্টগ্রামের বদর কমান্ডারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকেরের পর শাহবাগে এই আনন্দ মিছিল করেন তারা।
মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে দিয়ে ঘুরে ফের শাহবাগে এসে শেষ হয়।
এই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতির মধ্যে সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসা জাগরণ মঞ্চের কর্মীরা।
ফাঁসি কার্যকরের পর মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, “ট্রাইব্যুনালের রায়ে এই মীর কাসেমের মৃত্যুদণ্ড হলে পরে আপিলে তা বহাল থাকার পর রিভিউ আবেদন হয়। কিন্তু রিভিউয়ের রায় আসতে অন্যান্য যুদ্ধাপরাধীদের চেয়ে পাঁচ মাস বেশি লেগেছে।
“দীর্ঘ অপেক্ষার পর মীর কাসেমের রায় কার্যকর হওয়ায় একটা নতুন যুগের সূচনা হল। যে যুগটি ছিল সেই যুদ্ধাপরাধী যারা একদিকে মানবতাবিরোধী অপরাধ করেছে, অপরদিকে স্বাধীনতার পরে তারাই আবার এই যুদ্ধাপরাধী সংগঠনকে নতুনভাবে সংগঠিত করেছিল এই বাংলাদেশে।
“সেই যুদ্ধাপরাধীদের যুগের কিন্তু অবসান হতে যাচ্ছে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর রায় কার্যকরের মধ্য দিয়েই।”
একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের চট্টগ্রাম শহর কমিটির সভাপতি ছিলেন মীর কাসেম আলী। সে সময় চট্টগ্রামে আল-বদর বাহিনীর নেতৃত্ব দেন তিনি।
এ সময় জামায়াতে ইসলামী রাজনীতিতে ফেরার পর তাদের ছাত্র সংগঠন নাম বদলে হয় ইসলামী ছাত্র শিবির, যার প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর কাসেম। পরে জামায়াতের প্রধান অর্থ যোগানদাতা হয়ে ওঠেন তিনি।
তার দণ্ড কার্যকরে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা সহজ হবে বলে মনে করছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
তিনি বলেন, “মীর কাসেমের রায় কার্যকরের মধ্য দিয়ে একদিকে একটি যুগের অবসান হচ্ছে। আরেক দিকে মীর কাসেম আলী যেহেতু জামায়াতে ইসলামীর প্রধান অর্থ যোগানদাতা ছিল, তাই তার ফাঁসির মধ্য দিয়ে জামায়াত একটি নতুন সংকটে পড়বে, অর্থের যোগান বন্ধ হয়ে যাচ্ছে।
“আমরা মনে করছি, এতে জামায়াতকে নিষিদ্ধ করা সহজ হয়ে যাবে।”
