পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ ৩
পুরান ঢাকার ইসলামবাগে একটি টিনশেড প্লাস্টিক কারখানায় আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন।
পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
দগ্ধ তিনজন হলেন মো. হুমায়ূন (১৭), মতিন (২৫) ও বাতেন (৩০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের সবার শরীরই ৮০ শতাংশের বেশি পুড়ে যায়।
চকবাজার থানার ওসি শামীম উর রশিদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কারখানায় প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী তৈরি হত।
“টিনশেডের দোতলা হলেও তার ওপরে কক্ষ ছিল। প্লাস্টিক কারখানা ছাড়াও ছোট ছোট ঘর বাসবাসের জন্য ভাড়া দেওয়া হত।”
মনজু ও মোজাফ্ফর নামের দুই ব্যক্তি ওই টিনশেড বাড়ির মালিক। দগ্ধ তিনজন ভাড়াটিয়া না প্লাস্টিক কারখানার শ্রমিক, তা জানাতে পারেননি ওসি।
আগুন লাগার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “এখনও প্রতিবেদন হাতে আসেনি। তবে আগুনে ছোট ছোট বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।”
