২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক সন্তানদের স্কুলে ভর্তি নিয়ে আদেশ ছিল ‘ভুলক্রমে’

মহাপরিচালকের অনুমোদন না নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলে পড়ানো বাধ্যতামূলক করে আদেশ জারির একদিন পর তা প্রত্যাহার করে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 08:47 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

এ অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশনস) মো. আনোয়ারুল হক বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সংক্রান্ত নির্দেশনা অনুমোদনের আগেই অফিস স্টাফরা ভুলবশত ই-মেইলে শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছিল।”

ওই নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। সরকার প্রয়োজন মনে করলে পরে মাঠপর্যায়ে নির্দেশনা আকারে পাঠানো হবে।”

মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সব ধরনের নির্দেশনা ই-মেইলেই পাঠায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আনোয়ারুল বলেন, প্রাথমিকে শতভাগ ভর্তি নিশ্চিত এবং ঝরে পড়ার হার কমানোই সরকারের মূল লক্ষ্য। সেই লক্ষ্য সামনে রেখে তারাও ‘একটি চিন্তা’ করেছিলেন।

“প্রাথমিকের চার লাখ শিক্ষকের সন্তান যদি সরকারি বিদ্যালয়ে পড়ে, তাদের দেখে অন্যরাও উৎসাহিত হত। এ রকম চিন্তার উপর আমরা, বিশেষ করে আমিই ড্রাফটটি তৈরি করেছিলাম। ফাইলে সেই ড্রাফট অনুমোদনের আগেই অফিস স্টাফরা ভুলবশত ই-মেইল করে শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেয়।”

বুধবার অধিদপ্তর থেকে ওই বার্তা শিক্ষা কর্মকর্তাদের কাছে যাওয়ার পর বৃহস্পতিবার ‘সরকারি শিক্ষক সন্তানদের কেজি স্কুলে নয়!’ শিরোনামে সে খবর প্রকাশিত হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্যের সন্তানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ায় শিক্ষকরা আন্তরিক থাকেন না, নিজের সন্তানরা এসব বিদ্যালয়ে পড়লে তারা আন্তরিক থাকবেন… এ রকম একটা চিঠি নিচ থেকে চলে গেছে।

“এ রকম কোনো নির্দেশনা দেওয়ার বিষয়ে আমার কাছে কোনো ফাইল আসেনি, আমি এটা অনুমোদনও করিনি। নিচ থেকে একটা নির্দেশনা পাঠানো হয়েছে।”

‘সমালোচনা হলে’ ওই আদেশ প্রত‌্যাহার করে নেওয়া হবে বলেও সে সময় জানিয়েছিলেন মহাপরিচালক।