বিজিবিকে প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ সীমান্ত ব্যাংক
প্রথম অ্যাকাউন্ট খুলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’ এর তফসিলি ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “মাত্র কয়েকদিন পরে আমাদের ঈদুল আযহা। সীমান্ত ব্যাংকের উদ্বোধন এই বাহিনীর সকল সদস্যের জন্য আমার ঈদের শুভেচ্ছা উপহার।”
শেখ হাসিনা ২২১ বছরের ঐতিহ্যবাহী বাহিনী বিজিবির পরিচালনায় এই ব্যাংকের উদ্বোধন করতে পেরে নিজের আনন্দের কথা প্রকাশ করেন এবং বিজিবি আরও নতুন নতুন ‘উপার্জনশীল প্রকল্প’ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন।
৪০০ কোটি টাকা অনুমোদিত এবং ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে গঠিত সীমান্ত ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করে গত ১০ অগাস্ট গেজেট প্রকাশ করে সরকার। এর মধ্য দিয়ে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয় এ ব্যাংকের জন্য।
সীমান্ত ব্যাংকের মালিকানা থাকবে বিজিবি কল্যাণ ট্রাস্টের হাতে। ঢাকার জিগাতলায় সীমান্ত স্কয়ারের কাছে নির্মিত নতুন ভবনে এর প্রধান কার্যালয়।
এ বছরই খুলনা, সিলেট, সাতক্ষীরা, ময়মনসিংহসহ ছয়টি স্থানে সীমান্ত ব্যাংকের শাখা খোলা হবে। আর আগামী বছরের মধ্যে আরও ২০টি শাখা খোলার লক্ষ্য ঠিক করেছে কর্তৃপক্ষ।
এই ব্যাংক বিজিবি সদস্য এবং তাদের পরিবারের জন্য কল্যাণ বয়ে আনবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “এখানে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও যথেষ্ট অবদান রাখতে পারবে।”
এনআরবি ব্যাংকের এমডি মোখলেছুর রহমানকে ইতোমধ্যে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। পদাধিকারবলে এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন বিজিবির মহাপরিচালক। সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংকের আদলে নতুন এই ব্যাংকের কার্যক্রম চলবে।
স্বনির্ভরতা অর্জনে সরকার প্রতিটি বাহিনীকে সহয়তা করবে জানিয়ে প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “আজ যে সীমান্ত ব্যাংক চালু হচ্ছে তা বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি স্বনির্ভর প্রতিষ্ঠান।”
২০১৪ সালে পিলখানার দরবারে বিজিবির পক্ষ থেকে একটি ব্যাংক প্রতিষ্ঠার আবেদন জানানো হলে তাতে সম্মতি দেন প্রধানমন্ত্রী। গত বছর বিজিবি দিবসের অনুষ্ঠানে নতুন ব্যাংকের ‘লোগো’ উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “এ ব্যাংকের আয় বিজিবির মুক্তিযোদ্ধা সদস্য, কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারের কল্যাণে ব্যয় করা হবে। এ ব্যাংক সহজ শর্তে ঋণ প্রদান, পেনশন স্কিম, গৃহনির্মাণ ঋণ, দুরারোগ্য রোগের জন্য দেশে-বিদেশে চিকিৎসা সহায়তা, কৃষি ঋণ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মত বহুবিদ খাতে ঋণ সহায়তা দেবে।”
সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের কর্মসংস্থান ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা দিতে পারবে এই ব্যাংক। বিজিবির নিজস্ব উদ্যোগে পরিচালিত ‘আলোকিত সীমান্ত’ ও ‘সমৃদ্ধির পথে সীমান্ত’ এর মতো বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নেও সহায়তা দিতে পারবে।
প্রধানমন্ত্রী বলেন, “সবাইকে একটি করে ব্যাংক করে দেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনীকে একটি ব্যাংক করে দেওয়া হয়েছে। নৌ বাহিনী ও বিমান বাহিনী একটি করে ব্যাংক চাচ্ছিল। আমি বলেছি, দু’জনে যৌথভাবে করেন। তারা সে উদ্যোগটা নিয়েছে।”
‘আস্থা সীমাহীন’ এই মূলমন্ত্র ধারণ করে নবগঠিত সীমান্ত ব্যাংকের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব মো. মোজাম্মেল হক খান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব মো. ইউনুসুর রহমান, বিজিবি মহাপরিচালক ও সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান আজিজ আহমেদ এবং সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।
মুক্তিযুদ্ধে সীমান্তরক্ষী বাহিনীর সাহসী ভূমিকার কথা স্মরণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনুষ্ঠানে বলেন, “একাত্তরের ২৬শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতার স্বাধীনতার ঘোষণা প্রচারে তৎকালীন ইপিআরের বিরাট ভূমিকা রয়েছ।… বঙ্গবন্ধুর ধারণ করা ঘোষণা সুবেদার মেজর শওকত আলী ইপিআরের বেতারের মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেন।”
শওকত আলীসহ তিনজনকে পরে পাকিস্তানী বাহিনী আটক করে। চারদিন ধরে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় তাদের।
বিজিবির ১২ হাজার সদস্য সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন; শহীদ হন ৮১৭ জন। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য এ বাহিনীর দুইজন বীর শ্রেষ্ঠ, আ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ৭৮ জন বীর প্রতীক উপাধি পান।
এই পিলখানায় ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে সিমান্তরক্ষী বাহিনীর বিদ্রোহে ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহতের ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিজিবির কাজের ফলে সীমান্তে চোরাচালান ‘কমে গেছে’ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে ‘সমঝোতাপূর্ণ সম্পর্ক জোরদার হওয়ায়’ এই সাফল্য পাওয়া সহজ হয়েছে; সীমান্তে মৃত্যুর সংখ্যাও ‘কমে এসেছে’।
বিজিবিকে আরও শক্তিশালী করতে এ বাহিনীর এয়ার উইংয়ে আরও দুটি হেলিকপ্টার দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
সীমান্তরক্ষী বাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০’ পাস করার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এর ফলে বিজিবির সাংগঠনিক কাঠামো শক্তিশালী হয়েছে। চারটি রিজিয়ন সদরদপ্তর স্থাপন করে কমান্ড বিকেন্দ্রীকরণ হয়েছে, যা এ বাহিনীকে আরও গতিশীল ও সুসংগঠিত করেছে।”
বিজিবির গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী করে ‘বর্ডার সিকিউরিটি ব্যুরো’ স্থাপন, ২০০৯ থেকে এ পর্যন্ত ২৪ হাজারের বেশি জনবল নিয়োগ এবং ২০১৫ সালে প্রথমবারের মতো ৯৭ জন নারী সদস্য নিয়োগের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন।
তিনি বলেন, “আমরা ভারত এবং মিয়ানমারের সাথে ৪৭৯ কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকায় এ বছর ডিসেম্বরের মধ্যে নতুন ৫৫টি বিওপি নির্মাণ করছি। পরে আরও ২৫টি বিওপি নির্মাণ করে এই সীমান্ত সুরক্ষিত করা হবে।”
বাংলাদেশ ও মিয়ানমারের দুর্গম সীমান্তে সুরক্ষার জন্য ‘সীমান্ত সড়ক’ নির্মাণের একটি প্রকল্প গত ৭ জুলাই একনেকের অনুমোদন পেয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
