২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বোধনের অপেক্ষায় ‘সীমান্ত ব্যাংক’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’ তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এর ফলে এখন অন্যান্য ব্যাংকের মতো কার্যক্রম পরিচালনা করতে পারবে নতুন এই ব্যাংকটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 09:42 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

রাইফেলস কল্যাণ সংস্থা ব্যাংকটি পরিচালনা করবে।

পদাধিকারবলে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন বিজিবির মহাপরিচালক। সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংকের আদলে নতুন এই ব্যাংকের কার্যক্রম চলবে।

এ বিষয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন এই ব্যাংক স্থাপনের ব্যাপারে আমাদের সব প্রস্তুতি শেষ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে আবেদন করেছি। তিনি সময় দিলেই ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।”

এনআরবি ব্যাংকের এমডি মোখলেছুর রহমানকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজিজ আহমেদ জানান, এমডির বাইরে বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যাংকটির প্রধান কার্যালয় করা হয়েছে রাজধানীর ঝিগাতলায় সীমান্ত স্কয়ারের কাছে নির্মিত নতুন ভবনে।

বিজিবি মহাপরিচালক জানান, তাদের ব্যাংকে চাকরির ক্ষেত্রে বিজিবির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন। তাদের জন্য কোটা থাকবে। একইভাবে ঋণের ক্ষেত্রেও তারা বিশেষ সুবিধা পাবেন।

তবে সীমান্ত ব্যাংকের পরিচালনা পর্ষদ এখনো গঠন করা হয়নি। ব্যাংকিং খাতে অভিজ্ঞতা সম্পন্নদের বোর্ডে রাখা হবে বলে আভাস দিয়েছেন তিনি।

কার্যক্রম পরিচালনার পরিকল্পনা তুলে ধরে আজিজ আহমেদ জানান, এই বছরেই খুলনা, সিলেট, সাতক্ষীরা, ময়মনসিংহসহ দেশের কয়েকটি স্থানে সীমান্ত ব্যাংকের ৭/৮টি শাখা খোলা হবে।

এ বিষয়ে অনুমতি চেয়ে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে সীমান্ত ব্যাংককে তফসিলি ব্যাংকে রূপান্তর সংক্রান্ত সার্কুলারে বলা হয়েছে, গত ২১ জুলাই হতে ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’কে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিষয়টি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় চলতি বছরের ১ আগস্ট প্রকাশ করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (এ) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২১ জুলাই ২০১৬  হতে সীমান্ত ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত করা হলো।

নতুন এই ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন থাকবে ১০০ কোটি টাকা।

পুরনো খবর:

বাণিজ্যিক ব্যাংকে তালিকাভুক্ত হল সীমান্ত ব্যাংক