জাহাজ নির্মাণশিল্পে নরওয়ের বিনিয়োগ আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের জাহাজ নির্মাণশিল্পে নরওয়েকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত মেরেটে লানডেমো বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে এখন জাহাজ নির্মাণ ও রিসাইক্লিংয়ের কাজ হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলে পায়রা বন্দরে পাশে জাহাজ নির্মাণের জন্য নতুন জায়গা তৈরি করা হবে।
“প্রধানমন্ত্রী বলেন, এখাতে নরওয়ে আসতে পারে। তারা একটি শিপইয়ার্ড করতে পারে। আমরা জায়গা দেব।”
এছাড়া দেশে মাছের পোনা উৎপাদন ও ব্যবস্থাপনাসহ মৎস খাতের উন্নয়ন ও সম্প্রসারণে অ্যাকুয়া কালচার খাতেও নরওয়ের সহযোগীতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী।
প্রেস সচিব বলেন, বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে দারিদ্র বিমোচন ও মানুষের জীবনমানের উন্নয়নের কথা তুলে ধরেন।
বাংলাদেশে জাহাজ নির্মাণ খাতে শ্রমিকমানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জানিয়েছেন, নরওয়ের জন্য চট্টগ্রামে দুটি জাহাজ তৈরি হচ্ছে এবং আরও চারটি জাহাজ তৈরির আদেশ দেওয়ার আলোচনা চলছে।
বাংলাদেশের স্বাস্থ্য, টেলিকম খাতে নরওয়ে আরও বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি।
প্রেস সচিব বলেন, সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নেওয়া ভূমিকার প্রশংসা করেছেন নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত। এসময় নরওয়েতে ২০১১ সালে সন্ত্রাসী হামলায় অনেক শিশু নিহত হওয়ার ঘটনার কথা উল্লেখ করেন তিনি।
সন্ত্রাসবাদ মোকাবিলায় নরওয়ে বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান বিদায়ী রাষ্ট্রদূত।
