২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএমডির আয়োজনে এক হল সব কমিউনিটি রেডিও

কারও প্রচারে উঠে আসে উত্তর সীমান্তের চিলমারীর কথা, কারও কাজের ক্ষেত্র দক্ষিণ সীমানার টেকনাফ, কারও প্রচারে ভাষা পায় মৌলভীবাজারের তৃণমূল জনগোষ্ঠী, কেউবা কাজ করেন সুন্দরবনের কোলঘেঁষে- এদের সবাইকে বাংলাদেশের কেন্দ্রে এক করল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সেন্টার ফর মিডিয়া অ‌্যান্ড ডেভেলপমেন্ট-বিসিএমডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 07:37 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

প্রান্তিক পর্যায়ে থেকে কাজ করে যাওয়া বাংলাদেশের ১৭টি কমিউনিটি রেডিওকে নিয়ে ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গণমাধ্যম উন্নয়ন শাখা বিসিএমডির এই কর্মশালায় সহযোগিতা করছে জার্মানির ডয়চে ভেলে একাডেমি এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন (বিসিআরএ)।

মঙ্গলবার থেকে এই কমিউনিটি রেডিওগুলোর স্টেশন ম‌্যানেজার ও প্রতিবেদকের এই মিলনমেলা বসেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে।

আয়োজনে অংশ নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের কমিউনিটি রেডিও ‘সাগরগিরি’র স্টেশন ম‌্যানেজার শাহ সুলতান শামীম বলেন, “আমাদের মধ্যে এমনিতে যোগাযোগ হয়ত আছে; কিন্তু এভাবে একসঙ্গে মিলনমেলা সচরাচর হয় না।

প্রত‌্যন্ত ১৭টি অঞ্চলের প্রতিটির ১৭ কিলোমিটারের চক্রের মধ‌্যকার জনগোষ্ঠীর কথাগুলো জাতীয় পর্যায়ে কীভাবে উপস্থাপন করা যায়, তার পথ খোঁজাই এই কর্মশালার লক্ষ‌্য বলে জানান বিসিএমডির এক মুখপাত্র।      

ডয়চে ভেলে একাডেমির প্রশিক্ষক আটিলা মং বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীর মুখের কথাকে জাতীয় পর্যায়ে উপস্থাপনে তার প্রতিষ্ঠানের উদ‌্যোগের কথা তুলে ধরে বাংলাদেশে তা সফলে এগিয়ে আসায় বিসিএমডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “ডয়চে ভেলে একাডেমির অনেকগুলো চলমান প্রকল্পের মধ্যে একটি হচ্ছে কমিউনিটি রেডিও’র জন্য আধেয় তৈরি এবং সেগুলো উন্নত করা। স্থানীয় পর্যায়ের গণমাধ্যমের আধেয়কে জাতীয় পর্যায়ে নিয়ে আসা এ প্রজেক্টের একটি বড় উদ্দেশ্য।”

Image
.

.

Image
.

.

সীতাকুণ্ডের সাগরগিরির শামীম বলেন, “আমাদের রেডিওতে স্বাস্থ্য, শিক্ষা, মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান হয়। পাশাপাশি রয়েছে বিনোদনমূলক পরিবেশনাও। আমরা চাই, আমাদের সেই অনুষ্ঠানের বিভিন্ন অংশ জাতীয় পর্যায়েও পৌঁছাক, সারা দেশবাসী জানুক।

“বাংলাদেশের জনপ্রিয়তম ইন্টারনেট সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এতে এগিয়ে আসায় আমরা উপকৃত হব।”

নিজেদের তৈরি আধেয় জাতীয় পর্যায়ে প্রচারের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে কর্মশালায় অংশ নেওয়া রাজশাহীর ‘পদ্মা’ কমিউনিটি রেডিওর প্রতিবেদক শরিফুল ইসলামের কণ্ঠেও।

“আমরা প্রান্তিক পর্যায়ে কাজ করছি। অনেকক্ষেত্রে আমাদের অনুষ্ঠান বা সংবাদ জাতীয় পর্যায়ে আগ্রহ তৈরি করতে পারে। সেই আগ্রহের জায়গাটি পূরণের জন‌্য সেটা প্রচারের ব্যবস্থা থাকাটা জরুরি। আমরা সেটাই চাচ্ছি।”

প্রশিক্ষক আটিলা মংয়ের সহযোগী মাইনুল ইসলাম খান জানান, প্রান্তিক পর্যায়ে মানুষের কথা শুনে তা প্রচার করে কমিউনিটি রেডিও। স্থানীয় পর্যায়ের ভাষাকে জাতীয় পরিসরে তুলে ধরতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ভূমিকা রাখতে পারে। কীভাবে তা সম্ভব, তার কর্মপন্থা নির্ধারণের জন্য এই আয়োজন।

Image
.

.

Image
.

.

‘লেট দ্য ভয়েসেস বি হার্ড : কমিউনিটি রেডিও কনটেন্ট ফর লার্জার অডিয়েন্স’ শীর্ষক নয় দিনের এই কর্মশালা শুরু হয়েছে গত রোববার থেকে।

মাঈনুল বলেন, “প্রথম দুই দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকদের সঙ্গে ডয়চে ভেলে একাডেমির মতবিনিময় হয়েছে। আজ  (মঙ্গলবার) থেকে তিন দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও কমিউনিটি রেডিওগুলোর সঙ্গে একসঙ্গে মতবিনিময় হবে। এরপর তিন দিন শুধু কমিউনিটি রেডিওর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হবে।”

“কর্মশালার মাধ্যমে পারস্পরিক ধারণা শেয়ারিং, আধেয় নির্ধারণ এবং সেগুলো ভাগাভাগির দিকে নজর দিচ্ছি আমরা। কমিউনিটি রেডিও থেকে জাতীয় পর্যায়ের গণমাধ্যমের পাশাপাশি কমিউনিটি রেডিও থেকে কমিউনিটি রেডিওতে আধেয় ভাগাভাগির বিষয়ও গুরুত্ব পাচ্ছে,” বলেন তিনি।

বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের অন্যতম সমন্বয়ক রুমা পারভীন জানান, বাংলাদেশে এখন ১৭টি কমিউনিটি রেডিও পূর্ণ সম্প্রচার করছে আর পরীক্ষামূলক সম্প্রচারে রয়েছে আরও ১৫টি। কমিউনিটি রেডিওর সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করছে তাদের সংগঠন।

Image
.

.

Image
.

.

কমিউনিটি রেডিওগুলো প্রধানত নির্দিষ্ট একটি এলাকার মানুষের জীবন-যাপন, সমস‌্যা, সম্ভাবনা, দুর্যোগ সচেতনতা, শিক্ষা সচেতনতামূলক কাজ চালিয়ে থাকে।

রুমা বলেন, “কর্মশালার মাধ্যমে কমিউনিটি রেডিওর কনটেন্ট তৈরিতে বৈচিত্র্য আনা এবং সেগুলোকে জাতীয় পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছি আমরা। উভয়ের মধ্যে নেটওয়ার্কিং ও শেয়ারিংয়ের একটা জায়গা তৈরি হবে এর মাধ্যমে।”

ডয়চে ভেলে একাডেমির প্রশিক্ষক মং বলেন, “বিভিন্ন দেশের সমস্যার সঙ্গে তাল মিলিয়ে তাদের কমিউনিটি রেডিওর আধেয়ও বিভিন্ন রকম। তবে তাদের আধেয় জাতীয় পর্যায়ে আনার পথরেখা ঠিক করা দরকার। এক্ষেত্রে নেপাল বড় উদাহরণ হতে পারে, যারা কমিউনিটি রেডিওতে ভালো করছে।”

বিসিএমডির একজন কর্মকর্তা বলেন, “সম্প্রতি বিসিএমডি কার্যক্রম শুরু করেছে। এটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিএসআরের (সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের) অংশ।

“কর্মশালাটি এই ব্যানারে প্রথম আয়োজন। ভবিষ্যতে আরও বিস্তৃত ও বিশেষায়িত প্রশিক্ষণ এবং বিভিন্ন বিষয়ে সংলাপের মতো আয়োজনও আমরা করব।”