২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের পর র‌্যাবের হেফাজতে চার নারী জেএমবি

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) চার নারী সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিন হেফাজতে পেয়েছে র‌্যাব।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 07:02 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

এ মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী সুপার শামসুল হক পাঁচদিন পুলিশ হেফাজত শেষে সোমবার চার নারীকে আদালতে পাঠিয়ে ১০ দিনের হেফাজতের আবেদন করেন ।

শুনানি নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম ইমদাদুল হক চারদিন হেফাজত মঞ্জুর করেন।

চারজন হলেন- মানারত বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ছাত্রী আকলিমা রহমান মনি, ইসরাত জাহান মৌ  ও খাদিজা পারভীন মেঘনা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ইসতিসনাত আক্তার ঐশী।

এদিকে তাদের ‘স্বীকারোক্তির’ ভিত্তিতে জেএমবি সদস্য ফুয়াদ আল মাহাদীকেও পাঁচদিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।

তার পক্ষে আইনজীবী মো. মশিউর রহমান জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেয়। চার নারীর পক্ষে কোনো আইনজীবী এদিন আদালতে দাঁড়াননি।

জেএমবির ওই চার নারী সদস্যের মধ্যে আকলিমাকে গত ১৫ অগাস্ট রাতে গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মগবাজার থেকে ঐশী এবং মিরপুর-১ এর জনতা হাউজিং থেকে মৌকে গ্রেপ্তার করা হয়। আর মৌয়ের কাছ থেকে তথ্য পেয়ে জনতা হাউজিংয়ের একটি মেস থেকে গ্রেপ্তার করা হয় মেঘনাকে।

মিরপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার নারী জেএমবি সদস্যকে এর আগে পুলিশ হেফাজতে পাঁচদিন জিজ্ঞাসাববাদ করা হয়। পরে র‌্যাব তদন্তে আগ্রহ প্রকাশ করলে তা মামলাটি তাদের কাছে ন্যস্ত করা হয়।

ফুয়াদকে রোববার কলাবাগানের লেকসার্কাস এলাকার ফ্ল্যাট ১/বি ২৬/১ থেকে থেকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা মহানর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান।

সোমবার ফুয়াদের মা সফুরা বেগম আদালতে ছেলেকে ‘নির্দোষ’ বলে দাবি করেন।

তিনি বলেন, তার স্বামী নুরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা ও লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের সভাপতি। তিনি লক্ষ্মীপুরের বসিকপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।

“আমার ছেলে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয়ে মাস্টার্স পড়ছে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে আমার ছেলে জঙ্গি সংগঠনের সদস্য হতে পারে না। সে নির্দোষ।”

গত দুই-তিন দিন ধরে ফুয়াদ নিখোঁজ ছিলেন জানিয়ে তার মা বলেন, “পরে শুনি সে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। সে জঙ্গি হতে পারে না।”

কাঠগড়ায় দাঁড়িয়ে ফুয়াদও দাবি করেন, তিনি জেএমবির সদস্য নন।

পুরনো খবর:

রিমান্ডে চার নারী জেএমবি