ড্যান্ডি ডায়িং মামলায় সাক্ষ্যগ্রহণ আবার পিছিয়েছে
ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকা ঋণখেলাপি মামলা স্থগিত চেয়ে হাই কোর্টের আদেশে বিচারকের সই এখনও না হওয়ার কারণ দেখিয়ে সাক্ষ্যিগ্রহণে আবার সময় নিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
ঢাকার ১ নম্বর অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস রোববার বিএনপি চেয়ারপারসনের আবেদনে আগামী ৩০ অগাস্ট সাক্ষ্য্গ্রহণের নতুন তারিখ ঠিক করেন।
মামলার বাদী সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিবাদীদের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া ওই যুক্তি দেখিয়ে সাক্ষ্য গ্রহণে সময় চান। এবার নিয়ে ষষ্ঠ বারের মতো পেছাল সাক্ষ্য শুনানি।”
তিনি বলেন, এর আগে ৩ এপ্রিল বাদীর আংশিক জবানবন্দি নেওয়ার পর বিবাদী খালেদাসহ অন্যং বিবাদীরা পাঁচটি তারিখে সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে সময় নেন।
এ মামলার বিচার্য বিষয়কে (ইস্যু গঠন) চ্যালেঞ্জ করে খালেদার পক্ষে হাই কোর্টে রিট আবেদন করা হয়।
গত ৩ এপ্রিল এ মামলায় বিএনপি চেয়ারপারসনসহ ১৫ বিবাদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
সেদিন মামলার বাদী সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক নজরুল ইসলাম আদালতে আংশিক সাক্ষ্য দেন।
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ইসলামী শরীয়াহ মোতাবেক অংশীদারিত্ব মামলায় তার মা খালেদা জিয়া, স্ত্রী শামিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদী করার জন্য ২০১৫ সালের ৮ মার্চ আদালতে আবেদন করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১৬ মার্চ ঢাকার অর্থঋণ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক রোকসান আরা হ্যাপী এ মামলায় তাদের বিবাদী করেন।
গত বছরের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান।
এ মামলায় অন্য বিবাদীরা হলেন- খালেদার বড় ছেলে তারেক রহমান, তার মামা প্রয়াত সাঈদ ইস্কান্দারের ছেলে শামস ইস্কান্দার ও সাফিন ইস্কান্দার, মেয়ে সুমাইয়া ইস্কান্দার ও স্ত্রী বেগম নাসরিন আহমেদ, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন (অন্য মামলায় বর্তমানে কারাগারে), মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান।
মামলার আরজিতে বলা হয়, ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাদীরা ড্যান্ডি ডায়িংয়ের অনুকূলে সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। ওই বছরের ৯ মে সোনালী ব্যাংক ঋণ মঞ্জুর করে।
২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের সুদ মওকুফ করে। পরবর্তীতে বিবাদীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক আবারও ঋণ পুনঃতফসিলীকরণ করে দেয়। কিন্তু বিবাদীরা ঋণ পরিশোধ না করে বার বার কালক্ষেপণ করতে থাকেন।
৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে এই মামলাটি করে সোনালী ব্যাং ক।
