২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্টের ভয়াল চিত্র ভাস্কর্যে

বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্টের নারকীয় গ্রেনেড হামলার ঘটনা স্মরণে শিল্পকলা একাডেমি আয়োজন করেছে স্থাপনাশিল্প প্রদর্শনী ‘রক্তাক্ত একুশে আগস্ট’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 05:09 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

ভাস্কর মাহবুবুর রহমানের একক এই প্রদর্শনীতে উঠে এসেছে ভয়াল হত্যাযজ্ঞের নির্মম চিত্রটি। তৎকালীন বিরোধীদলীয় নেতা  আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের ‘ঘৃণ্য প্রয়াসের’ বিরুদ্ধে শিল্পী তার ভাস্কর্যেই জানিয়েছেন প্রতিবাদ।

একইসঙ্গে মৌলবাদী-সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানবতাবাদীদের রুখে দাঁড়ানোর আহ্বানও ধ্বনিত হয়েছে প্রদর্শনীতে।

রোববার শিল্পকলা একাডেমির ভাস্কর্য গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করে সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “২১ অগাস্টের গ্রেনেড হামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। যে অপশক্তিটি একাত্তরে হত্যা-ধর্ষণ-লুণ্ঠন করেছে, সেই অপশক্তিটি দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এই গ্রেনেড হামলা করেছিল।”

পঁচাত্তরের ১৫ অগাস্টকে বাঙালির জীবনে ‘সবচেয়ে বড় দুর্ঘটনা’ উল্লেখ করে মন্ত্রী বলেন, “যারা জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে, তারাই ২১ অগাস্টে বঙ্গবন্ধু কন্যা ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে।”

১৫ অগাস্ট, ২১ অগাস্টসহ দেশব্যাপী মুক্তবুদ্ধি-মুক্তচিন্তার মানুষ ও ধর্মযাজক-পুরোহিত-ইমামদের হত্যার ঘটনা ‘একই সূত্রে গাঁথা’ বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে এসেছিলেন সংস্কৃতিবিষয়ক সচিব আক্তারী মমতাজ, ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

প্রদর্শনীটি শুধু ভাস্কর্য দিয়েই সাজানো হয়নি, অডিও ভিজ্যুয়াল উপস্থাপনায় সেদিনের ভয়াবহতার গল্পও দর্শকের সামনে তুলে ধরেছেন শিল্পী মাহবুবুর রহমান।

গ্যালারিতে ঢুকতেই নাকে এসে লাগলো কর্পুরের গন্ধ, মাটিতে সারিবদ্ধভাবে সাজানো আছে নয়টি ভাস্কর্য। অডিওতে বেজে চলেছে, শেখ হাসিনার ভাষণ আর তারপর গ্রেনেডের বিকট শব্দ। ছুটে আসা অ্যাম্বুলেন্স, মানুষের আর্তনাদ আর স্বেচ্ছাসেবকদের আকুতি- সবমিলিয়ে গ্যালারি যেন হয়ে উঠেছিল এক টুকরো বঙ্গবন্ধু এভিনিউ।

গ্রেনেড হামলায় নিহতদের লাশের সারি, অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে মানুষের আহাজারি-নারকীয় হত্যাযজ্ঞের সাক্ষ্য দেয় ভাস্কর্যগুলো।

গ্যালারির এক কোণে ঠাঁই পেয়েছে পাঁচটি আলোকচিত্র। ফটোসাংবাদিক জিয়া ইসলামের ফ্রেমে ধরা পড়েছে সেদিনের ভয়াবহতা।