২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যানার-পোস্টার নিয়ে আদেশ বাস্তবায়ন হয়েছিল কি না, জানতে চায় আদালত

চার বছর আগে দেওয়া এক আদেশের পর ঢাকার দুই সিটি কর্পোরেশন থেকে অননুমোদিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, তোরণ, দেয়াল লিখন ও প্রচারণার অন্যান্য উপকরণ অপসারণে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 08:21 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

বুধবার প্রকাশিত আদেশের লিখিত অনুলিপিতে বলা হয়, আগামী সোমবারের মধ্যে দুই সিটি কর্পোরেশনকে এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে বাস্তবায়নের হলফনামা জমা দিতে হবে।

দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন ২০১২ লংঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছিল কি না তাও উল্লেখ করতে বলা হয়েছে আদেশে।

একটি রিট আবেদনের প্রেক্ষিতে ২০১২ সালের মার্চে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ বিষয়ে দিয়েছিল।

সেই আদেশে বিভিন্ন ব্যক্তিগত ও পাবলিক স্থাপনায় অবৈধ ও বেআইনিভাবে স্থাপিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, দেয়াল লিখনসহ সব প্রচারণা উপকরণ অপসারণে ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক উত্তর ও দক্ষিণকে ১০ দিন সময় দেওয়া হয়। এই সময় শেষে তাদের অগ্রগতি প্রতিবেদন দিতেও নির্দেশ দিয়েছিল আদালত।

ঢাকা সিটি কর্পোরেশন ও ঢাকা মেট্টোপলিটন এলাকায় বেআইনি হোল্ডিং, পোস্টার, ব্যানার, সরকারি-বেসরকারি অবকাঠামোয় দেয়াল লিখন, তোরণ-গেইট নির্মাণের মাধ্যমে সব প্রচারণা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়ে রুল দিয়েছিল আদালত।

রিটে বিবাদী হিসাবে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিবেশ সচিব, ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের দুই প্রশাসক।

রিট আবেদনে বলা হয়, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসাবে সম্ভাব্য প্রার্থীদের নামে পোস্টার, ফেস্টুন, ব্যানার ও দেয়াল লিখনে ছেয়ে গেছে রাজধানী। নির্বিচারে এ ধরনের পোস্টার ও দেয়াল লিখনে নগরীর সৌন্দর্যহানিসহ জনগণের সম্পত্তি বিশেষত বাসস্থান, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যবসা কেন্দ্র, দোকান, সড়ক দ্বীপ ইত্যাদির ক্ষতি সাধিত হচ্ছে।

আইন অমান্য করে প্রচুর সংখ্যক এবং যত্রতত্র পরিবেশ বিধ্বংসী ও অপচনশীল পিভিসি প্লাস্টিকে নির্ধারিত সাইজ, রং ও আকার বহির্ভূত এসব পোস্টার, ফেস্টুন ও ব্যানার লাগিয়ে নগরীর সৌন্দর্যহানি ও জনগণের সম্পত্তি বিনষ্টসহ পরিবেশের ক্ষতি হচ্ছে। তাছাড়া বিভিন্ন সড়কে গেইট, তোরণ নির্মাণ করে সম্ভাব্য প্রার্থীদের নামে চালানো প্রচারণা দৃশ্য দূষণের সৃষ্টি করছে।’

এ সব কাজের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংবিধানের ৩১, ৩২, ৪২ ও ১২৬ অনুচ্ছেদ লংঘন করেছে বলেও রিট আবেদনে উল্লেখ করা হয়।

এছাড়াও সংশ্লিষ্টদের এ সব কাজ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯, সিটি কর্পোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা-২০১০, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) বিধিমালা-২০১০, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫, ঢাকা মেট্টোপলিটন পুলিশ অর্ডিনেন্স-১৯৭৯, মুদ্রণ ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) (সংশোধন) আইন-১৯৯১ সহ সংশ্লিষ্ট আরও অনেক আইনের লংঘন এবং শাস্তিযোগ্য অপরাধ বলেও রিটে বলা হয়।

ওই সময় রিটকারীর আইনজীবী ইকবাল কবির লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন বহির্ভূত এসব প্রচারণার জন্য সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে গত ২৬ ফেব্রুয়ারি রিটের ৬ বিবাদীকে উকিল নোটিশ দেওয়া হয় এবং এ সংক্রান্ত গৃহীত পদক্ষেপ ৪ মার্চের মধ্যে আমাদের জানাতে অনুরোধ জানানো হয়

“তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেন নাই এবং আমাদের কিছু জানানও নাই। এরপর আমরা এই রিট দায়ের করি।”