সাত দাবি নিয়ে রাস্তায় সিটিসেলকর্মীরা
বকেয়া বেতন এবং চাকরি হারালে ক্ষতিপূরণসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে বন্ধের মুখে থাকা সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার বিকেলে মহাখালীতে প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে উপস্থিত প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়ন (পিবিটিএলইইউ) সভাপতি আশরাফুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতোমধ্যে আমরা কর্তৃপক্ষের কাছে সাত দফা দাবি পেশ করেছি, তবে তারা এ বিষয়ে এখনো তাদের অবস্থান জানায়নি।”
২১ অগাস্টের মধ্যে বকেয়া ও বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে তিনি বলেন, “একই সময়ের মধ্যে কোরবানি ঈদের বোনাস, এলএফএ বোনাস, প্রভিডেন্ট ফান্ডের প্রযোজ্য সব সুবিধা, গ্র্যাচুইটি, ক্ষতিপূরণ হিসেবে পাঁচ বছরের পূর্ণাঙ্গ বেতন-ভাতা দিতে হবে।”
প্রতিষ্ঠানে বর্তমানে স্থায়ী সাড়ে চারশ কর্মীসহ মোট ৬৫০ কর্মী রয়েছে বলে জানান আশরাফুল করিম।
তিনি বলেন, “আমরা ভীত, আমরা দিশেহারা।আমার মনে করি সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে আমাদের বিষয়গুলো অবশ্যই সংশ্লিষ্ট সংস্থাগুলো বিবেচনা করবে।”
সিটিসেলের লাইসেন্স বাতিলের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে এর গ্রাহকদের অপারেটর পরিবর্তনের জন্য ২৩ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
সিটিসেলে প্রায় ১০ বছর ধরে কর্মরত সিনিয়র এক্সিকিউটিভ মনিরা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে নতুন চাকরি পাওয়ার সম্ভবনা কম। সরকারের কাছে আবেদন করছি এমন একটি উপায় নিশ্চিত করুন যাতে আমরা ভবিষ্যতে মোটামুটি ভালভাবে চলতে পারি।”
বকেয়া পরিশোধ ও ক্ষতিপূরণের দাবিতে বুধবার মহাখালীতে মানববন্ধন করেন বন্ধ হতে যাওয়া সিটিসেলের কর্মীরা। ছবি: আসিফ মাহমুদ অভি
বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের গ্রাহক সংখ্যা কমতে কমতে এখন দুই লাখের চেয়ে কম।
বকেয়া পৌনে ৫শ কোটি টাকা তাগিদ দিয়েও না পাওয়ায় সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেবেন বলে সম্প্রতি জানান বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
টু-জি তরঙ্গ ফি, বার্ষিক লাইসেন্স ফি, বার্ষিক তরঙ্গ ফি, রেভিনিউ শেয়ারিংসহ বিভিন্ন খাতে সিটিসেলের কাছে সরকারের পাওনা দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা।
