২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রে বাংলাদেশ-ভারতের বন্ধুতা

বিশ্ববিদ্যালয় পড়ুয়া একঝাঁক তরুণ চিত্রশিল্পীর ক্যানভাসে রঙ-তুলির আঁচড়ে উঠে এসেছে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের কথা। বাংলার মুক্তিসংগ্রামে ভারতের সহযোগিতা থেকে দুই দেশের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক নানা ঐক্য ও মেলবন্ধনের দৃষ্টান্ত তুলে এনেছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 02:00 AM

Updated : 11 Oct 2022, 08:37 PM

অ্যাক্রেলিকে আঁকা সেসব ছবি নিয়ে ভারতীয় দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে চিত্রকর্ম প্রদর্শনী। ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

তিনি বলেন, “এই চিত্রকর্ম প্রদর্শনী আসলে বাংলাদেশ-ভারতের নিবিড় বন্ধুত্বের এক দারুণ নিদর্শন। বাংলাদেশের এই তরুণ চিত্রশিল্পীদের আরও বেশি সমর্থন দিতে হবে, উৎসাহ দিতে হবে যেন তারা সামনে আরও অনেক সৃজনশীল কাজে উদ্বুদ্ধ হয়।”

বারিধারায় নবনির্মিত দূতাবাস ভবন উদ্বোধনের পর সেখানে এই চিত্রকর্মগুলো প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “সৃজনশীলতা বিকাশের জন্য যে ধরনের সুস্থ পরিবেশ দরকার, তা আদতে নেই। তার ফলশ্রুতিতে বাংলাদেশসহ বিশ্বজুড়ে জঙ্গিবাদের বিস্তার হয়েছে।

“বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠের তরুণরা তাতে জড়িয়ে পড়ছে। আমাদের এসব নিয়ে আরও ভাবতে হবে। সৃজনশীল চর্চার মধ্য দিয়েই প্রতিহত করতে হবে জঙ্গিবাদসহ নানা প্রতিক্রিয়াশীল কার্যক্রম।”

এই প্রদর্শনী উপলক্ষে আয়োজিত বিশেষ চিত্র-প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। তারা গত তিন দিন ধরে ছবি আঁকেন চারুকলা প্রাঙ্গণে।

ছবির বিষয় ছিল বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব। একজন শিল্পী প্রদর্শনীর জন্য একটিই ছবি আঁকেন।

সেসব ছবি থেকে বাছাই করা ৫১টি ছবি চূড়ান্তভাবে মনোনীত হয় প্রদর্শনের জন্য। দ্বিতীয় পর্যায়ে এ ৫১টি ছবি থেকে নির্বাচন করা হয় সেরা তিন চিত্রকর্ম। বিজয়ী তিন শিল্পীকে দেওয়া হয় পুরস্কার। পাশাপাশি নির্বাচন করা হয় সম্মাননা পুরস্কারের জন্য পাঁচটি চিত্রকর্ম। সেসব ছবির শিল্পীরাও পান পুরস্কার।

প্রতিযোগিতায় ছবি এঁকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন শিক্ষার্থী। তাদের মধ্যে প্রথম পুরস্কার পান আরাফাত করিম, দ্বিতীয় পুরস্কার পান শেখ ফায়জুর রহমান ও তৃতীয় পুরস্কার পান অজয় স্যানাল। পুরস্কার হিসেবে তাদের যথাক্রমে ১ লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। পাশাপাশি তিনজনকেই দেওয়া হয় ক্রেস্ট ও সনদপত্র।

এছাড়াও সম্মাননা পুরস্কার হিসেবে প্রত্যেকে ১০ হাজার টাকা ও সনদপত্র পান পাঁচ তরুণ শিল্পী।