বিচার আটকাতে ‘প্রলোভন দেখাচ্ছেন’ এসআই জাহিদ
হেফাজতে মৃত্যুর দুই মামলার আসামি পুলিশ কর্মকর্তা জাহিদুর রহমান সাক্ষীদের প্রলোভন দেখিয়ে বিচার প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
মিরপুরের ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন এবং গাড়িচালক ইশতিয়াক আহমেদ জনির হেফাজতে মৃত্যুর ঘটনায় মামলা চলছে পল্লবী থানার সাবেক এসআই জাহিদের বিরুদ্ধে।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন মামলা দুটির আসামি জাহিদ কারাগারে থেকে তার ‘লোকজনকে’ দিয়ে অর্থের প্রলোভনের সঙ্গে হুমকিও দিচ্ছেন বলে মামলা দুটির বাদীদের অভিযোগ।
এই আদালতের রাষ্ট্রপক্ষের অন্যতম কৌঁসুলি কে এম সাজ্জাদুল হক শিহাব বলেছেন, তারাও এই অভিযোগের কথা শুনেছেন।
“নিহতদের আত্মীয়দের আসামিরা টাকা সাধছে, আবার হুমকি দিচ্ছে- এ দুটি অভিযোগই সত্য,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
আগামী ৩০ অগাস্ট এ দুই মামলার শুনানির দিন রয়েছে জানিয়ে এই আইনজীবী বলেন, “সেদিন জনি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যাওয়া কয়েকজন পুলিশ সদস্যের জামিন বাতিলের আবেদনের শুনানি হবে। তখন হুমকি ও প্রলোভনের বিষয়টিরও আইন সুরাহার চেষ্টা করব।”
এসআই জাহিদুর রহমান জাহিদ
গত বছরের ১৩ জুলাই রাতে মিরপুর থানা হেফাজতে ঝুট ব্যবসায়ী সুজনের মৃত্যুর পর ২০ জুলাই আদালতে হত্যার অভিযোগ এনে মামলা করেন তার স্ত্রী মমতাজ সুলতানা লুসি।
মিরপুর থানার তৎকালীন এসআই জাহিদের সঙ্গে এএসআই রাজ কুমার, কনস্টেবল আসাদ, রাশেদুল ও মিথুন এই মামলার আসামি।
বাদীর দাবি, গত ১৩ জুলাই রাতে তার ভাড়া বাসায় ঢুকে আসামিরা সুজনকে ডেকে নিয়ে থানা হেফাজতে হত্যা করে।
এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের পর গত ৬ নভেম্বর মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত প্রতিবেদন দাখিল করে।
সুজনের মায়ের অভিযোগ, আসামি জাহিদের মা মিষ্টি নিয়ে তাদের বাসায় গিয়ে মামলা না চালাতে ১৩ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তাদের রাজি করাতে না পেরে শেষে সুজনের স্ত্রীকে টাকা-পয়সা দিয়ে হাত করে। ওই কারণে লুসি দুটি সন্তান রেখে ছয় মাস আগে সুজনের বাসা ছেড়ে চলে যায়।
নিহত সুজনের স্ত্রী ও মামলার বাদী লুসিসহ দুজন ইতোমধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন। আগের ঠিকানায় না থাকায় লুসির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মঙ্গলবার মামলায় সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও আসামি জাহিদকে কারাগার থেকে হাজির না করানোয় আগামী ৩০ আগস্ট নতুন দিন ধার্য করেছে আদালত।
বাংলালিংকের গাড়িচালক জনি হত্যার মামলাটি হয় ২০১৪ সালের ৭ আগস্ট, এটি করেন জনির ভাই ইমতিয়াজ হোসেন রকি।
মামলা অভিযোগ করা হয়, ওই বছরের ৮ ফেব্রুয়ারি রাতে পল্লবীর ইরানি ক্যাম্পে গায়ে হলুদের এক অনুষ্ঠান থেকে জনিকে তুলে নিয়ে যায় এসআই জাহিদ ও তার সঙ্গীরা। এরপর হাজতে হকিস্টিক ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে।
এই মামলায় জাহিদের সঙ্গে অন্য দুই আসামি হলেন এসআই রাশেদ এবং এ এস আই কামরুজ্জামান মিন্টু।
২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম মারুফ হোসেন বিচার বিভাগীয় তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেন।
জনির পরিবারের দাবি, এই হত্যার তদন্তে পুলিশের গড়িমসির কারণেই এসআই জাহিদ পরে সুজনকে হত্যা করতে পেরেছিলেন।
নিহত জনির ভাই মামলার বাদী রকি গত রোববার আদালত প্রাঙ্গণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার চাচা ও এই মামলার সাক্ষী মো. হায়দারকে কব্জা করেছে আসামি পক্ষ।
“জামিনে থাকা আসামি রাশেদ ও মিন্টু টাকার বিনিময়ে কব্জা করে ফেলেছে আমার চাচাকে।”
