নিজের প্রচারে বঙ্গবন্ধুর ছবি আর নয়: কাদের
আত্মপ্রচারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির ব্যবহার রোধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোববার সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “আমি আজ সকলের কাছে আহ্বান করব- বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে আত্মপ্রচারে নিমজ্জিত হবেন না। বঙ্গবন্ধুর ছবিটা ব্যবহার করে নিজের ছবি যারা প্রচার করছেন তারা বঙ্গবন্ধুর আত্মাকে কষ্ট দিচ্ছেন।
“সচিবালয়ের সামনে শুধু বঙ্গবন্ধুর ছবি দেখে ভাল লেগেছে। কিন্তু গোটা শহরের দৃশ্যপট ভিন্ন। বঙ্গবন্ধুর ছবি, নেত্রীর ছবির সঙ্গে ৫০টার মত ছবি গুণেছি পোস্তোগোলা দিয়ে মাওয়া যেতে যেতে। কেন, আপনার ছবি কেন? এটা কি বঙ্গবন্ধুর প্রচার?”
‘বঙ্গবন্ধুর প্রচার লাগবে না, তিনি প্রতিষ্ঠিত’ মন্তব্য করে মন্ত্রী বলেন, “আপনি আত্মপ্রচারের জন্য বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করবেন এটা সহ্য করা হবে না। এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি, এটা হয় না।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনা সদস্যের হাতে সপরিবারে জীবন দেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।
বঙ্গবন্ধুকে হত্যার বিভিন্ন ঘটনাপ্রবাহ তুলে ধরে ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, “১৪ অগাস্ট সুসময় দেখেছি, দুঃসময় দেখলাম কয়েক ঘণ্টা পরে ১৫ অগাস্ট সকালে।
“কিছু মানুষের চেহারা দেখলাম, প্রথমে তাকে কাপুরুষের মত পালিয়ে যেতে দেখলাম। কত যে চেহারা, কতজনের, আশ্রয় পাইনি। … বঙ্গবন্ধু হত্যার প্রতিকার করতে গিয়ে আশ্রয় পাইনি, নেতাদের কতজনের কাছে গিয়েছি!
“কে কী বলেছেন ইতিহাসে সব সময় সব কিছু বলা যায় না। অনেক সত্য আছে বলা যায় না।কে কী মন্তব্য করেছেন, বঙ্গবন্ধুর আশির্বাদে যারা যারা ছাতার নিচে দাঁড়িয়ে প্রতিষ্ঠা পেয়েছেন তাদেরও অনেকের মুখের কথা শুনেছি। এখনও আমরা কিছু সাক্ষী আছি। কাজেই সুসময় দেখলে আমি ভয়ও পাই।”
কাদের বলেন, “আজকে এত ব্যানার, সারাদেশে এত আয়োজন, এত বিলবোর্ড। সচিবালয়ের সামনেও কত বিলবোর্ড। পঁচাত্তরের পর এই বঙ্গবন্ধু ছিলেন নিষিদ্ধ নাম। রাষ্ট্রীয় সম্প্রচারে তিনি ছিলেন নিষিদ্ধ। টুঙ্গিপাড়া ছিল নিষিদ্ধ। মাত্র আঠার জন মানুষকে অনুমতি দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর জানাজা পড়ার। বত্রিশ নম্বর শেখ হাসিনার জন্য নিষিদ্ধ।
“… যারা মনে করেছিল টুঙ্গিপাড়ায় সমাহিত করে তাকে ভুলিয়ে দেওয়া যাবে তাদের হিসেবে কত বড় ভুল সেটা আজকে সাক্ষ্য দিচ্ছে। গোটা বাংলাদেশ আজকে কথা বলছে।
“ইতিহাসের অমর সত্য এটাই- যারা তাকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারাই আজ ইতিহাসের পাতা থেকে নিষিদ্ধ হয়ে যাচ্ছে।”
বঙ্গন্ধুকে খুনের পর এর প্রতিবাদে সরব না হওয়ায় আওয়ামী লীগ নেতাদেরও সমালোচনা করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “১৪ অগাস্টে অনেককেই দেখিছি, অনেককেই দেখেছি উৎসবে, অনেককেই দেখেছি ভোগের রাজনীতিতে। ১৫ অগাস্টে তাদের আর দেখতে পাই না। বাতি জ্বালিয়েও খুঁজে পাই না। বস্তিতে থেকে সেদিন খুঁজে খুঁজে অনেককেই বের করার চেষ্টা করি, পাই না, পাশে নাই, কাপুরষ, ভয় পায়, সাহস নেই, সাহস নেই। রাজনীতি করতে হলে সাহস থাকতে হবে।
“বলেছিলাম ১৪ অগাস্টেও চেনা মুখ ১৫ অগাস্টে হারিয়ে গেছে আর খুঁজে পাই না। আজকেও এই যে ছবির রাজনীতি করছেন বিলবোর্ডে এমন অনেককেই দেখতে পাচ্ছি, আমার ভয় হয় যখন আবার আঁধার নেমে আসবে, কোনো সময় দুঃসময়ের আঁধার, তখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়ে এই হাইব্রিডদের খুঁজে পাওয়া যাবে না। এরা তখন থাকবে না।
“কাজেই দাপাদাপি-মাতামাতি দেখলেই ভয় লাগে। দাপাদাপি-মাতামাতির দরকার নেই।”
নাম উল্লেখ না করেও ১৫ অগাস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভুয়া’ জন্মদিন পালনের কঠোর সমালোচনা করেন সড়ক পরিবহন মন্ত্রী।
“বছরে বছরে যাদের জন্মদিনের উৎসবের কেকের সাইজ বাড়ছে তারা বঙ্গবন্ধুকে ছোট করতে পারেননি। ওই ছুরি নিয়ে কেক কাটছেন, বঙ্গবন্ধুরে কাটতে পারেননি, ছোট করতে পারেননি। এই উৎসবের কেক যারা কাটছেন তারা নিজেদেরই কাটছেন, নিজেরাই ছোট হয়ে যাচ্ছেন তাদের দল ছোট হযে যাচ্ছে। এটাই হলো বাস্তবতা। বঙ্গবন্ধুকে টাচ করার ক্ষমতা তাদের কারো নেই।”
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চারটি লাইন আবৃত্তি করে বক্তব্য শেষ করেন কাদের।
“যাহার অমর স্থান প্রেমের আসনে/ ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে/ দেশের মাটির থেকে নিল যারে হরি/ দেশের হৃদয় তারে রাখিয়াছে বরি।”
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক সচিব এম আজিজুর রহমান, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অর্থ সচিব মাহবুব আহমেদ, বস্ত্র ও পাট সচিব এম এ কাদের সরকার, ত্রাণ সচিব শাহ কামাল সভায় বক্তব্য দেন।
