২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু আইনে অস্পষ্টতা: ব্যাখ্যা চেয়েছে হাই কোর্ট

শিশু আইনের মামলায় প্রাপ্তবয়স্কদের বিচার নিয়ে অস্পষ্টতা বিষয়ে দুই সচিবের কাছে ব্যাখ্যা চেয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 06:42 PM

Updated : 12 Apr 2022, 02:39 AM

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগের সচিবকে ৭ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

৭ সেপ্টেম্বরই বিষয়টি পরবর্তী আদেশের জন‌্য আদালতে আসবে।

রাষ্ট্রপক্ষের নথি থেকে জানা যায়, চার শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ঢাকা, কক্সবাজার ও রংপুরের চারটি মামলায় প্রাপ্তবয়স্ক চার আসামি হাই কোর্টে জামিন চেয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে আসামিদের কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। পাশাপাশি সংশ্লিষ্ট বিচারকদের কাছে আলাদাভাবে ব্যাখ্যা চায় উচ্চ আদালত।

হাই কোর্টের নির্দেশনা অনুসারে চার বিচারক লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করেন। আসামিদের জামিন প্রশ্নে রুলও শুনানির জন্য আসে। গত ৯ অগাস্ট সেসব বিষয়ে শুনানি করে রোববার আদেশ দিল হাই কোর্ট। 

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান।

মনিরুজ্জামান কবীর পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারটি মামলার মধ্যে দুটি করা হয় শিশু আইনে, অপর দুটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে।

চার আসামির জামিন শুনানি করতে গিয়ে হাই কোর্ট দেখতে পায়, চার মামলাতেই আসামি প্রাপ্তবয়স্ক এবং ভিকটিম অপ্রাপ্তবয়স্ক। এসব মামলার বিচার শিশু আইনে হবে, না নারী ও শিশু নির্যাতন দমনে আইনে- সে প্রশ্নও জামিন শুনানিতে ওঠে।

এরপর হাই কোর্ট রুলসহ বিচারকদের ব্যাখ্যা জানাতে চান বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান।

বিচারকের ব্যাখ্যা

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেহ উদ্দিন আহমদ তার ব্যাখ্যায় বলেন, ১৯৭৪ সালের দি চিলড্রেন অ্যাক্ট অনুযায়ী, যেসব মামলায় ভিকটিম শিশু, সেসব মামলা বিচারের জন্য কিশোর আদালতে পাঠানোর আবশ্যকতা ছিল না। যেসব মামলায় আসামিও শিশু, কেবল সেসব মামলায় অভিযোগ আমলে নেওয়ার পর মামলাটি বিচারের জন্য কিশোর আদালতে পাঠানো হত। কিন্তু ২০১৩ সালের শিশু আইনের ১৭(১) ধারায় এ বিষয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে।

১৭(১) ধারায় বলা হয়েছে, “আইনের সহিত সংঘাতে জড়িত শিশু বা আইনের সংস্পর্শে আসা শিশু কোনো মামলায় জড়িত থাকলে, যে কোনো আইনের অধীনেই হোক না কেন, ওই মামলা বিচারের এখতিয়ার কেবল শিশু আদালতের থাকিবে।”

শিশু আইনের ১৮ ধারার (ক) দফায় শিশু আদালতকে ফৌজদারি কার্যবিধির অধীন দায়রা আদালতের ক্ষমতা দেওয়া হলেও ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধ আমলে নেওয়া কিংবা বিচারের সুনির্দিষ্ট এখতিয়ার দেওয়া হয়নি।

বিচারক তার ব্যাখ্যায় বলেন, ২০১৩ সালের শিশু আইনের ৩৩ (১) ধারা অনুযায়ী শিশু আদালত অভিযুক্ত কোনো শিশুকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবে না। ওই আইনের ৩৪ (১) ধারা অনুযায়ী, কোনো শিশু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে দোষী প্রমাণিত হলেও তাকে সর্বোচ্চ ৩ থেকে ১০ বছর মেয়াদে আটকাদেশ দেওয়া যাবে।

কিন্তু অপরাধের শিকার বা সাক্ষী শিশু হলে এবং আসামি প্রাপ্তবয়ষ্ক হলে তার কেমন সাজা হবে- সে বিষয়ে এই আইনে বলা হয়নি।

বিচারক সালেহ উদ্দিন আহমদ তার ব্যাখ্যার শেষাংশে বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোনো মামলায় ভিকটিম ও সাক্ষী শিশু হলেও আসামি প্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে ২০১৩ সালের শিশু আইনের ১৭(১) ধারা বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী/স্পষ্টীকরণ কিংবা হাই কোর্টের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ‘ন্যায়বিচারের স্বার্থে’ সেসব মামলার বিচার করা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা পেলে ট্রাইব্যুনালে বিচারাধীন এসব মামলায় তা অবশ্যই অনুসরণ করা হবে।

রংপুর শিশু আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ মো. রোকনুজ্জামান তার লিখিত ব্যাখ্যায় বলেছেন, ভিকটিম শিশু এবং আসামি প্রাপ্তবয়স্ক হলে ওই আসামির জামিন বা রিমান্ড শুনানি নেওয়া এবং বিচার প্রক্রিয়া কোন আদালতে কীভাবে হবে- সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকলেও ২০১৩ সালের শিশু আইনের ১(৪), ১৭(১) এবং ৫২ ধারার অন্তর্নিহিত বিধান অনুযায়ী জামিনের দরখাস্ত গ্রহণ ও শুনানি করা হয়।

“তবে এ বিষয়ে মূল আইনে অস্পষ্টতা রয়েছে মর্মে এই আদালতের কাছে প্রতীয়মান হয়। ফলে বর্ণিত বিষয় সম্পর্কে মহামান্য আদালত কর্তৃক পদ্ধতি ও আইনগত বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হলে বিদ্যামান অস্পষ্টতা নিরসন হতে পারে।”