বাসাবোয় হত্যাকাণ্ডের শিকার ভাই-বোনের মা রিমান্ডে
রাজধানীর উত্তর বাসাবো এলাকায় নিজেদের বাসায় হত্যাকাণ্ডের শিকার দুই ভাই-বোনের মাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
‘মানসিকভাবে অসুস্থ’ তানজীন আক্তার নামে ওই নারী খুনের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার ওই শিশু দুটির লাশ উদ্ধারের সময় থেকে তাদের মা তানজীনকে পাওয়া যাচ্ছিল না।
শনিবার ভোরে বাসাবো এলাকা থেকে তানজীনকে আটক করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
পরে তাকে দুই শিশু হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে পাঠায় পুলিশ।
সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তানজীন আক্তারকে পাঁচ দিনের রিমান্ডে পাওয়া গেছে। সন্তানদের মৃত্যু নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
শুক্রবার লাশ উদ্ধারের পর নিহত শিশু দুটির ফুপু লায়লা নূর বলেছিলেন, তার ভাবি তানজীন দীর্ঘ দিন ধরে ‘মানসিকভাবে অসুস্থ’। তার চিকিৎসা চলছিল।
ডিএমপির মতিঝিল অঞ্চলের উপকমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। আধ্যাত্মিক নির্দেশনা পেয়ে তিনি সন্তানদের হত্যা করেছেন বলে দাবি করেছেন।”
এ নারীর মানসিক সমস্যার জন্য ওষুধ খেতেন বলে তার পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
“তাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে,” বলেন এই পুলিশ কর্মকর্তা।
উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের পাশের সাততলা ভবনের ছাদের বাসা থেকে শুক্রবার রাত ১০টার দিকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।
ওয়াসার কম্পিউটার অপারেটর মাহবুবুর রহমান স্ত্রী তানজীন এবং দুই ছেলে-মেয়ে মাশরাফি বিন মাহবুব (৭) এবং হুমায়রা বিনতে মাহবুবকে (৪) নিয়ে ওই বাসায় থাকতেন।
মাহবুব রাতে মসজিদে এশার নামাজ পড়ে ঘরে ফিরে সন্তানদের রক্তাক্ত অবস্থায় পান। তখন ঘরে স্ত্রীকে পাননি তিনি।
এরপর থানায় গিয়ে স্ত্রীকে আসামি করে মামলা করেন মাহবুব।
উপকমিশনার আনোয়ার বলেন, “আমরা ধারণা করেছিলাম, তানজীন পালিয়ে বেশিদূর যেতে পারবে না। তাই ওই এলাকায় পুলিশ সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থায় ছিল। ভোরে ওই এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।”
হত্যাকাণ্ডের পর তানজীন নিজের পোশাক বদল করে বাসা থেকে বের হয়ে যান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
“ওই বাড়ি থেকে উদ্ধার পোশাকটি মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে দেখানো হবে।”
