বাসাবোয় নিজেদের ঘরে ভাই-বোনের রক্তাক্ত লাশ
রাজধানীর উত্তর বাসাবো এলাকায় নিজেদের বাসা থেকে শিশু দুই ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার পর ওই শিশুদের মাকে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।
সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুছ জানান জানান, উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের পাশের একটি সাততলা ভবনের ছাদের বাসা থেকে শুক্রবার রাত ১০টার দিকে দুই ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান সাংবাদিকদের বলেন, ঘটনার পর থেকে ওই শিশুদের মাকে পাওয়া যাচ্ছে না।
নিহতদের ফুপু লায়লা নূর বলেন, তার ভাই মাহবুবুর রহমান ওয়াসার কম্পিউটার অপারেটর।
“ভাবি তানজীন রহমান দীর্ঘ দিন ধরে মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসা চলছিল।”
তিনি জানান, তার ভাতিজা মাশরাফি বিন মাহবুব (৭) স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। আর ভাতিজি হুমায়রা বিনতে মাহবুবের বয়স ৪ বছর।
ওই পরিবারের পরিচিত একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাততলা ওই ভবনের ছাদে করা কক্ষে স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে থাকতেন মাহবুবুর।
“তিনি এশার নামাজ পড়ে ঘরে ফিরে দেখেন, রক্তাক্ত অবস্থায় তার ছেলে-মেয়েরা পড়ে আছে।”
পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
