২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রিমান্ডে

অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার মুন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মিজানুর রহমানকে তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 06:46 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তার এক আবেদনে ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদজ্জামান এ অনুমতি দেন বলে জানিয়েছেন দুদকের প্রসিকিউশন বিভাগের প্রধান সহিদুর রহমান।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক বেনজির আহম্মদ মিজানুর রহমানকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।

মিজানুর রহমানের আইনজীবীরা এই রিমান্ড আবেদন বাতিল চেয়ে তার জামিনের আবেদন করেন।

সহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনানি শেষে মহানগর হাকিম এস এম মাসুদজ্জামান জামিন আবেদন খারিজ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

বুধবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুরকে গ্রেপ্তার করেন দুদক কর্মকর্তারা।

অর্থ আত্মসাতের অভিযোগে গত ৩০ জুন মতিঝিল থানায় মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানসহ আটজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

সেদিনই মামলায় রাষ্ট্রায়ত্ত ব‌্যাংকটির ডিএমডি মিজানুর রহমান খান, ডিজিএম মো. আখতারুল আলম, এজিএম মো. শফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ অগাস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর।

এজাহার থেকে জানা যায়, পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যদের লাভবান করতে একটি ভবনের অস্বাভাবিক নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রাহকের ১০৮ কোটি টাকা ঋণ মঞ্জুর করেন অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা।

পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা উত্তোলন বা গ্রহণের মাধ্যমে ব্যাংক তথা রাষ্ট্রের ক্ষতিসাধনসহ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।