২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাছিরের কথার ব্যাখ্যা চায় মন্ত্রণালয়

‘ঘুষ না দেওয়ায়’ চট্টগ্রাম সিটি করপোরেশনে বরাদ্দ কম দেওয়া হয়েছে বলে যে অভিযোগ মেয়র আ জ ম নাছির উদ্দিন তুলেছেন, সে বিষয়ে তার ব্যাখ্যা চাইবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 02:30 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বলেন, “তাকে ব্যাখ্যা দিতে হবে। হি মাস্ট এক্সপ্লেইন, পরিষ্কার কথা।”

বুধবার চট্টগ্রামে এক সভায় নাছির বলেন, ‘দাবি মত’ কর্মকর্তাদের ঘুষ দিলে যেখানে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যেত, সেখানে তা না দেওয়ায় এসেছে মাত্র ৮০ কোটি টাকা।

“আমাকে বলা হল- করপোরেশনের জন্য যত টাকা চাই দেওয়া হবে থোক বরাদ্দ হিসেবে, তবে তার জন্য পাঁচ শতাংশ করে দিতে হবে।”

সাম্প্রতিক এক ঘটনা তুলে ধরে মেয়র ওই অনুষ্ঠানে বলেন, যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা সিটি করপোরেশনের প্রকল্প পাস করার জন্য একটি নতুন পাজেরো গাড়ি চেয়েছিলেন। 

নাছিরকে ওই অভিযোগের ‘প্রমাণ দিতে হবে’- এমন মন্তব্য করে স্থানীয় সরকার সচিব সাংবাদিকদের বলেন, “তার কথা তিনি যা বলেছেন, আমরা তার কাছে জানতে চাইব, প্রমাণ চাইব। তিনি প্রমাণ দেবেন যে মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা তার কাছে জিপ চেয়েছেন। তিনি যার কথাই বলুক, সেটা উনি বলুক।

“উনি যে কথাগুলো বলেছেন, উনি একজন রাজনৈতিক নেতা এবং একজন মেয়র... সুতরাং উনার বক্তব্য উনিই স্যাটেল করুক। আমরা আজকেই (বৃহস্পতিবার) উনার কাছে ব্যাখ্যা চাচ্ছি।”

এদিকে কোরবানির ঈদে নির্ধারিত স্থানে পশু জবাই নিয়ে সিটি করপোরেশন ও কয়েকটি পৌরসভার প্রতিনিধিদের এক বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসেন নাছির।    

মন্ত্রণালয় থেকে কোনো ধরনের চিঠি পেয়েছেন কি না- এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, “না।”

কর্মকর্তাদের ঘুষ দাবির বিষয়ে জানতে চাইলে নাছির বলেন, “আমার মত করে আমি বলব। আমি এসেছি কাজে, আমি মিটিংয়ে এসেছি। মিটিংয়ের পরে কিছু দাপ্তরিক কাজ ছিল, সেগুলো নিয়ে (সচিবের সঙ্গে) কথা বলেছি।”

সাংবাদিকদের প্রশ্নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, “আমার কোনো প্রজেক্টে এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয়নি, আমি এটা বলতে পারি। উনি (মেয়র নাছির) যেহেতু অভিযোগ করেছেন উনিই এ ব্যাপারে বলতে পারবেন।”

আইভী বলেন, “আমার প্রজেক্টগুলো পাস হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বরাদ্দও পাচ্ছি। তবে চাহিদার তুলনায় কম পাচ্ছি।... আমাকে কখনও পারসেনটেজ দিয়ে অথবা কেউ... বলতে সাহস পায়নি।”

চট্টগ্রামের মেয়রের অভিযোগ তদন্ত করে দেখা উচিত বলেও মন্তব্য করেন আইভী।

নাছিরের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘ওই ধরনের কিছু’ তিনি শোনেননি।

“মিনিস্ট্রির কাজ ডেভেলপমেন্ট করানো। ডেভেলপমেন্ট করাতে হলে টাকা দেবে সরকার। মিনিস্ট্রি তো তার নিজস্ব ডেভেলপমেন্টের স্বার্থে সরকারের কাছে এ সব ডিপিপিগুলো পাঠাবে। আমাদের চেয়ে অনেক সময় উনাদের তাড়া বেশি থাকে।”