পলাতক যুদ্ধাপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ, হতাশা
একাত্তরে যশোরের কেশবপুরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মামলার পলাতক আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ঝেরেছেন প্রসিকিউটর ও মুক্তিযোদ্ধারা।
তারা শিগগির পলাতকদের খুঁজে বের করে শাস্তি কার্যকরের আহ্বান জানিয়েছেন।
বুধবার মামলার রায়ে আসামিদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ড এবং সাত জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
আট আসামির মধ্যে সাখাওয়াত ও বিল্লাল হোসেন ছাড়া বাকিরা পলাতক।
রায়ের পর প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, “আদালত রায়ে পলাতকদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র সচিব ও আইজিপি ব্যবস্থা নিতে বলেছেন; প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিতে বলা হয়েছে।
“আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বলতে চাই, তাদেরকে গ্রেপ্তারে আরো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। তা না হলে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের ক্ষোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।”
পলাতকদের খুঁজে বের করতে না পারার জন্য পুলিশকে দায়ী করে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, “এই দেশ থেকে কারা পলায়া যায়, কারা পার করে? এর জন্য দায়ী পুলিশ।
“আবুল কালাম আজাদের মত রেজাকার বাংলাদেশ থেকে পলায়া গেছে, কেউ খুইজ্যা বের করতে পারেনি। এদের সবাইকে খুইজ্যা বাইর কইরা দ্রুত আইনের মুখোমুখি করতে হবে; দেশবাসী শান্তি পাবে, আমিও শান্তি পাব।”
রায়ের বিষয়ে তিনি বলেন, “একজনের মৃত্যুদণ্ড হয়েছে, ওর রায়ে আমি সন্তুষ্ট। কিন্তু বাকি সাত জনের মৃত্যুদণ্ড হয় নাই, তাদের রায়ে আমি সন্তুষ্ট না।”
অপরাধ প্রমাণিত হওয়ার পরও আসামিদের আমৃত্যু কারাদণ্ড পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জের অধিবাসী ও মুক্তিযোদ্ধা মো. আকরাম হোসেনও।
পাশাপাশি দণ্ডিত আসামিদের খুঁজে বের করে আনার তাগিদ দেন তিনি।
“যাইহোক আদালত রায় দিয়েছে, এদেরকে এখন খুঁজে বের করতে হবে। যারা সর্বোচ্চ শাস্তি পায় নাই তাদের রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে, যাতে আপিলে তাদের মৃত্যুদণ্ড হয়।”
একইসঙ্গে তিনি একাত্তরে বাংলাদেশের বিরোধিতাকারীদের অর্থনৈতিক শক্তির উৎস খুঁজে বের করে তা ভেঙে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
আকরাম হোসেন বলেন, “এখন যারা শিবির, তারা আগে ছিল ছাত্রসংঘ। এরা আবার জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। এরা এখন সুইসাইড গ্রুপ করে আমার বাঙালি জাতির অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করছে। ৭১ সালে যে ঘটনা ঘটাচ্ছে, এখনও সে ঘটনা ঘটাতে চাচ্ছে। আমি বলতে চাই, এদের ছেলে সন্তানের নাগরিকত্ব বাতিল করে দিতে হবে।
“এরা যে যে ব্যবসা করে, তার সব কিছু বাজেয়াপ্ত করলে উন্নয়ন হবে, বাঙালি শান্তি পাবে। ”
এই মামলার পলাতক ছয় আসামি হলেন, মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও মো. আব্দুল খালেক।
রায়ে এদের বিরুদ্ধে সাজার ওয়ারেন্ট জারির নির্দেশ দিয়ে তাদের গ্রেপ্তারে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।
