২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্ষা করে জীবন চালানো মুক্তিযোদ্ধা মিরনকে স্বীকৃতি দিতে নির্দেশ

একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকারদের গুলিতে আহত মুক্তিযোদ্ধাদের তথ্যদাতা মিরন শেখকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে নির্দেশ দিয়েছে যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 04:43 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

যশোরের কেশবপুরের মহাদেবপুর গ্রামের জোবেদ আলী শেখের ছেলে যুদ্ধাহত মিরন শেখ বর্তমানে ভিক্ষার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।

বুধবার ট্রাইব্যুনাল যশোরের রাজাকার সাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ড দিয়ে যে রায় ঘোষণা করে, তাতেই মিরন শেখকে স্বীকৃতির নির্দেশ আসে। একাত্তরে এই সাখাওয়াতের হাতেই নির্যাতনের শিকার হয়েছিলেন মিরন।

রায়ে মিরন শেখ সম্পর্কে বর্ণনা দিয়ে বিচারক এক পর্যায়ে বলেন, “.... ট্রাইব্যুনালের পবিত্র আকাঙ্ক্ষা এই যে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যশোরের কেশবপুরের মহাদেবপুর গ্রামের জোবেদ আলী শেখে ছেলে মিরন শেখের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

প্রসিকিউশনের বিভিন্ন সাক্ষীকে উদ্ধৃত করে রায়ে বলা হয়, মিরন শেখ একাত্তরে মুক্তিযোদ্ধাদের একজন ‘সোর্স’ ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে আশ্বিন মাসের প্রথম দিকে একদিন সকাল ৬টায় চিংড়া বাজার রাজাকার ক্যাম্পের ৩০-৪০ জন রাজাকার তার বাড়ি ও গ্রাম আক্রমণ করে।

সে সময় তারা মিরন শেখ, স্বাধীনতাপন্থি গ্রামবাসী ও আওয়ামী লীগ কর্মীদের ঘরে আগুন দেয়। মিরন পালানোর চেষ্টা করলে তাকে আটক ও হত্যার জন্য রাজাকার ও তাদের সহযোগীরা পিছু ধাওয়া করে।

“অভিযুক্ত রাজকার আব্দুল খালেক রাইফেল দিয়ে গুলি করে। তাতে বাঁ হাতের আঙুল থেকে মারাত্মক রক্তক্ষরণ হয়। এরপর তাকে অপহরণ করে চিংড়া বাজার রাজাকার ক্যাম্পে আটকে মুক্তিযোদ্ধাদের তথ্য পেতে অমানুষিক নির্যাতন করা হয়। রাজাকার কমান্ডার মো. সাখাওয়াত হোসেন তার বাঁ পা ভেঙে দেয়,” বলা হয় রায়ে।

ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় মিরন তার বাঁ হাতের তিনটি আঙুল দেখিয়ে বলেন, ভারতের তাকি হাসপাতালে চিকিৎসার সময় ডাক্তাররা তার দুটি আঙুল কেটে ফেলেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন।

মামলার আরও তিনজন সাক্ষী মিরনকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে চিহ্নিত করে আদালতে দেওয়া সাক্ষ্যে জানান, মিরন ভারতের তাকি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন।

বিচারক রায়ে বলেন, “এটা বিস্ময়কর যে, একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার নাম মুক্তিযোদ্ধার তালিকায় নেই এবং জীবন ধারণের জন্য তাকে এখন ভিক্ষা করতে হয়।

“তিনি তার মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবনের ঝুঁকি নিয়েছিলেন। ৪৫ বছর পর সেই রাষ্ট্রে প্রসিকিউশনের হয়ে সাক্ষ্য দিতে এসে তাকে বলতে হয়, তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তার নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় যুক্ত না হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাইনি।”

রায়ের পর প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, “ট্রাইব্যুনাল মিরন শেখের কথা বলে ক্ষোভ প্রকাশ করেছে। এই মিরন শেখ ‍যিনি যুদ্ধে এতখানি অবদান রেখেছেন, সেই লোক যদি আজ ভিক্ষা করে বেড়ায়, সেক্ষেত্রে সরকার ও জাতি তার জন্য কী পদক্ষেপ গ্রহণ করল?।

“তারা অত্যন্ত দুঃখপ্রকাশ করে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন, এই ধরনের মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, বিশেষ করে মিরন শেখের জন্য যা করবার তা করতে হবে। তার কাজের স্বীকৃতি এবং মু্ক্তিযুদ্ধে তার অবদানের স্বীকৃতি যাতে আমরা দিতে পারি। আশুরা খাতুন এবং মিরন শেখের কথা বলেছেন, তারা আমাদের স্বাধীনতার জন্য যে আত্মত্যাগ করেছেন, সেটাকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত দরকার।”