২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাখাওয়াতের আইনজীবীর আমতা আমতা

সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনকে ‘রাজনৈতিক কারণে’ একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করলেও তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি তার আইনজীবী। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 03:33 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

তিনি জানিয়েছেন, যুদ্ধাপরাধ মামলায় ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজার রায়ের বিরুদ্ধে তার মক্কেল সর্বোচ্চ আদালতে আপিল করবেন।

বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার এ মামলার রায় ঘোষণা করে।

রায়ে সাখাওয়াতের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পাশাপাশি একাত্তরে তার সহযোগী মো. বিল্লাল হোসেন বিশ্বাস, মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও মো. আব্দুল খালেককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাখাওয়াতের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান সাংবাদিকদের বলেন, রায়ে সাখাওয়াতকে যশোরের কেশবপুরের চিংড়া রাজাকার ক্যাম্পের কমান্ডার হিসাবে দেখানো হলেও প্রসিকিউশন এ বিষয়ে কোনো ‘দালিলিক প্রমাণ দাখিল করতে পারেনি’।

“উপরন্তু যেসব সাক্ষ্য প্রমাণ প্রসিকিউশন দাখিল করেছিল, তাদের একজনের বক্তব্য বিশ্বাস করলে অন্যজনের বক্তব্য বিশ্বাস করা যায় না। আমরা মনে করি, সাখাওয়াত হোসেনকে রাজনৈতিক কারণেই এ মামলায় জড়ানো হয়েছে।”

সরকারের অংশীদার জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাখাওয়াতকে কোন রাজনৈতিক কারণে এ মামলায় জড়ানো হতে পারে- এ প্রশ্ন করতেই আমতা আমতা শুরু হয় তার আইনজীবীর। এরপর নানাভাবে প্রশ্ন করলেও স্পষ্ট কোনো জবাব মেলেনি তার কাছ থেকে।

এ সময় বিড়বিড় করে কিছু বলতে দেখা যায় তাকে। এক পর্যায়ে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, “আর দরকার নাই... সামান্য কমেন্টস...।”

আপিলের বিষয়ে আব্দুস সাত্তার পালোয়ান বলেন, “তার সাথে কথা বলে এবং পুরো রায় পড়ে আমরা সিদ্ধান্ত নিয়ে এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আমরা আশা করছি, ন্যায়বিচার পাওয়ার মাধ্যমে সাখাওয়াতসহ আসামিরা সেখানে খালাস পাবেন।”

যশোরের হিজলডাঙ্গা গ্রামে জন্ম নেওয়া সাখাওয়াত ১২ বছর বয়সেই যোগ দেন জামায়াতের তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘে। একাত্তরে তার নেতৃত্বে রাজাকার বাহিনীর সদস্যরা ওই এলাকায়  যে মানবতাবিরোধী অপরাধ ঘটায়, তার বিবরণ উঠে এসেছে এ মামলার বিচারে।

এক সময় মতিঝিল আইডিয়াল স্কুলে শিক্ষকতা করা সাখাওয়াত ১৯৮১ সালে অ্যাকাউন্টেন্ট জেনারেল (এজি) অফিসে চাকরি নেন। পাঁচ বছর পর হন জামায়াতে ইসলামীর ‘রুকন’।

১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচনে অংশ নিয়ে যশোর-৬ আসন থেকে এমপি হয়ে যান এই যুদ্ধাপরাধী। এরপর জামায়াত ছেড়ে যোগ দেন বিএনপিতে; ১৯৯৬ সালে আবারও সাংসদ নির্বাচিত হন।

মাওলানা সাখাওয়াত নামে বেশি পরিচিত এই রাজনীতিবিদ বিভিন্ন সময়ে এলডিপি ও পিডিপিতেও ঘুরে এসেছেন। ২০০৮ সালে সাখাওয়াত যোগ দেন জাতীয় পার্টিতে। ২০১৪ সালের নির্বাচনেও যশোর-৬ আসন থেকে তিনি জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন।