জঙ্গিবাদ: স্কুল-কলেজে ‘জোরদার হচ্ছে’ সাংস্কৃতিক কার্যক্রম
জঙ্গিবাদের কালো থাবা রুখে ‘বাংলার অসাম্প্রদায়িক মানবিক চেতনা’ ফিরিয়ে আনতে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সহশিক্ষা কার্যক্রম জোরদার করা হবে জানিয়েছেন সরকারের তিনমন্ত্রী।
সোমবার বিকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এবিষয়ে ঐক্যমতে পৌঁছান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে ওই সভায় দেশের নাটক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।
নূর বলেন, “এটা সত্যি যে দেশের সাম্প্রদায়িক শক্তির যে উত্থান তা পুরোপুরি অকার্যকর করা যায়নি। আমাদের সন্তানদেরকে তাই সত্যিকারের বাঙালি হিসেবে গড়ে তুলতে হবে, সংস্কৃতিবান হিসেবে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে বিলম্ব করার কেনো সুযোগ নেই।
“সংস্কৃতি বোধকে জাগ্রত করতে কাজ শুরু করেছি যেন তা তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আর শিক্ষাকে বাদ দিয়ে সেটা কখনোই সম্ভব নয়।”
নতুন প্রজন্মকে সত্যিকার বাঙালি হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক কার্যক্রমকে ব্যাপকভাকে ছড়িয়ে দেওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী।
সাংস্কৃতিক কর্মকাণ্ড না থাকলে শিক্ষা ‘অসম্পূর্ণ’ থেকে যায় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
“সাম্প্রতিক জঙ্গিবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে নয়, দেশের সার্বিক স্বার্থে আমরা চাইছি ব্যাপক আকারে ছেলেমেয়েদেরকে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে। শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে নতুন প্রজন্মকে তৈরি করা, সংস্কৃতির চেতনাবোধে ঋদ্ধ করা।”
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, “অনেকেই জঙ্গিবাদ বিষয়ে উৎকন্ঠার রয়েছেন, কিভাবে এ থেকে উত্তরণ সম্ভব। তাই নৈতিকতাবোধের শিক্ষার পাশাপাশি সংস্কৃতির শিক্ষাও প্রয়োজন।”
শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এ ব্যাপারে পরিবারকেও ভূমিকা রাখতে হবে বলে মনে করেন তিনি।
মতবিনিময় সভায় ‘জঙ্গিবাদ প্রতিরোধে সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক এক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
কোনো ধর্মীয় বা সামাজিক ভাষণে ভিন্ন ধর্ম বা সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে কটাক্ষপূর্ণ বা হেয় করে কোনো বক্তব্য প্রদান করা যাবে না- এই মর্মে সংসদে আইন পাশের দাবি জানান এই নাট্যজন।
পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় যেসব দাবি জানানো হয়- ১. দেশের সব স্কুল-মাদ্রাসায় সমাবেশের সময় জাতীয় সঙ্গীত গাওয়ার পর পাঁচ মিনিট কোনো বাঙালি বা বিদেশি মনীষীর সংক্ষিপ্ত পরিচিতি বা তার বাণী ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরা। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর ১ থেকে ৭ ফেব্রুয়ারি বাধ্যতামূলকভাবে সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করা। কোনো প্রতিষ্ঠান ব্যর্থ হলে তাদের অনুদান বা সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া। ২. একইভাবে সব শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা, ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদ দপ্তরে পাঠাগার স্থাপন করা। ৩. পাঠক্রমে সংস্কৃতি পরিচয় অন্তর্ভূক্ত করা। ৪. স্কুল-কলেজে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য মহড়ার সুযোগ করা, বিজ্ঞান ক্লাস, বিতর্ক ক্লাস ইত্যাদির আয়োজন করা। ৫. দেশব্যাপী শিশু-সংগঠনসমূহের প্রসার, অনুদানপ্রাপ্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোর অন্তত একটি করে শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা।

|
মতবিনিময় সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ঢাকা মহানগরীতে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ক্ষেত্রে শিল্পকলা একাডেমির বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা, রবীন্দ্র সরোবরকে খাবার স্টল মুক্ত করা, শাহবাগের ছবির হাট পুনরায় চালু করা এবং মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ি মোহম্মদপুর, লালবাগ ইত্যাদি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান নির্ধারণ করার দাবি জানান।
এছাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার দিন ১ জুলাইকে সম্প্রীতি দিবস ঘোষণার পাশাপাশি এ বছরই জঙ্গিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন, জাতীয়ভাবে একটি সর্বধর্ম সম্মেলনের আয়োজনের প্রস্তাবও দিয়েছেন তারা।
সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সংস্কৃতি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির দাবিও জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
সভায় সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব ইনামুল হক, চিত্রনায়ক ফারুক, অধ্যাপক মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, যাত্রাব্যক্তিত্ব মিলন কান্তি দে, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, চিত্রশিল্পী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।