২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরের শাশুড়ি খুনের আসামি গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে শাশুড়িসহ তিনজনকে হত্যার অভিযোগে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 07:14 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

আল ইসলাম জীবন (৩০) নামে ওই ব‌্যক্তি নিজের সন্তানদের না পেয়ে এক মাস আগে শ্বশুরবাড়িতে ঢুকে শাশুড়িসহ তিনজনকে খুন করে পালিয়েছিলেন বলে পুলিশ জানায়।

মঙ্গলবার তাকে গ্রেপ্তারের পর চকবাজার থানার ওসি শামীম অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নিজে অভিযানে নেতৃত্ব দিয়ে সকালে কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে ধরেছি।”

দুই বছর আগে জীবনের স্ত্রীর মৃত্যু হয়। এরপর থেকে তাদের ছয় ও চার বছর বয়সী দুই ছেলে-মেয়ে শাশুড়ি রাশিদা বেগমের সঙ্গে পশ্চিম ইসলামবাগের একটি বাসায় থাকত।

ওসি শামীম বলেন, গত ৪ জুলাই ওই বাসায় গিয়ে দুই সন্তানকে নিয়ে আসতে চেয়েছিলেন জীবন। শাশুড়ি রাশিদা বাধা দিলে জীবন তাকে রামদা দিয়ে কোপালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রাশিদাকে বাঁচাতে এগিয়ে গেলে ওই বাসায় থাকা তার মেয়ে সীমা আক্তার এবং নাতনি শ্রাবণী আক্তার বন্যাও গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বন‌্যা এবং দুদিন পর সীমাও মারা যান।

ওই ঘটনায় রাশিদার ভাই শাহাবউদ্দিন বাদী হয়ে জীবনকে আসামি করে চকবাজার থানায় হত্যা মামলা করেন।

জীবনের দুই সন্তান এখন তার স্ত্রীর এক বোনের কাছে রয়েছে বলে জানান ওসি।

পুরনো খবর:

‘সন্তানদের না পেয়ে’ শাশুড়িসহ দুজনকে হত্যা