কারাগারে ময়মনসিংহের চার যুদ্ধাপরাধী
যুদ্ধাপরাধের মামলায় ময়মনসিংহ থেকে গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের এক আবেদন শুনে মঙ্গলবার এ আদেশ দেয়।
আসামিদের গ্রেপ্তারে নির্দেশনা চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার ট্রাইব্যুনাল ছয়জনের বিরুদ্ধে পরোয়ানা জারির নির্দেশ দেয়। পাশাপাশি তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ২০ অক্টোবর দিন ঠিক করে দেয়।
পরোয়ানা জরির পর সোমবার রাতে ময়মনসিংহ সদরের ঢোলাদিয়া থেকে আবদুর রহিম মাস্টার, নিমতলা থেকে জালাল উদ্দিন এবং মুক্তাগাছা উপজেলা সদর থেকে আব্দুস সালাম মুন্সী ও সুরুজ আলী ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম।
প্রসিকিউটর আবুল কালাম পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশনা চেয়ে রাষ্ট্রপক্ষে আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
“অপর আসামি জয়নুদ্দিন পঞ্চগড় থেকে গ্রেপ্তার হয়েছেন। আর শমশের ফকির নামের আরেক আসামি এখনও গ্রেপ্তার হয়নি বলে জেনেছি।”
আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে এসেছে বলে জানান আবুল কালাম।
