২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার মোশাররফের মুদ্রা পাচার মামলার সাক্ষ্য চলছে

মুদ্রা পাচারের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ অব‌্যাহত রয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 01:06 AM

Updated : 12 Apr 2022, 02:37 AM

রোববার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আতাউর রহমানের আদালতে সাক্ষ‌্যগ্রহণের সময় অ‌্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও রাষ্ট্রপক্ষে হাজির ছিলেন।

এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের হিসাব রক্ষক এবং দুদকের নিয়োগকৃত আন্তর্জাতিক তদন্ত কর্মকর্তা ফেরদৌস খানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

জেরা শেষ না হওয়ায় বিচারক সোমবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখেন।

গত ২ অক্টোবর ফেরদৌস খান জবানবন্দি দেন। তিনি রাষ্ট্রপক্ষে অষ্টম সাক্ষী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দুদকের অন্যতম আইনজীবী মীর আহমেদ আলী সালাম।

মোশাররফের পক্ষে ফেরদৌস খানকে জেরা করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি টি এম আকবর ও বোরহান উদ্দিন।

গত বছরের ২৮ অক্টোবর মোশাররফের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠন হয়। মামলাটি বাতিলে উচ্চ আদালতে গিয়েও বিফল হন এই বিএনপি নেতা।

যুক্তরাজ্যে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা পাচারের অভিযোগে গত বছরের ৬ ফেব্রুয়ারি রাজধানীর রমনা মডেল থানায় দুদকের উপ-পরিচালক নাসিম আনোয়ার এই মামলাটি করেন।

এজাহারে বলা হয়, খন্দকার মোশাররফ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যে তার নিজের ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ নামে ৮ লাখ ৪ হাজার ১৪২ ব্রিটিশ পাউন্ড পাচার করেন। এই অঙ্ক বাংলাদেশি টাকায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।

তবে মোশাররফের দাবি, ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষক হিসেবে যুক্তরাজ‌্যে পিএইচডি ডিগ্রির গবেষণার সময় ওই অর্থ উপার্জন করেছিলেন তিনি।