২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িওয়ালা সাজিয়ে ১২ কোটি ‘ঋণ’, ইসলামী ব্যাংকের ২ কর্তা গ্রেপ্তার

ডেভেলপার কোম্পানির সঙ্গে যোগসাজশে আরেকজনকে বাড়িওয়ালা সাজিয়ে ঋণের নামে ১২ কোটি ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ায় ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 07:21 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

এর হলেন- ইসলামী ব্যাংকের বংশাল শাখার সাবেক ইনভেস্টমেন্ট ইনচার্জ (বর্তমানে চাকরিচ্যুত) মো. শামছুদ্দিন, সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. ইনামুল হক এবং মেসার্স থ্রি স্টার অ্যান্ড কোম্পানির নামের একটি প্রতিষ্ঠানের মালিক এম এ মান্নান।

রাজধানীর সেগুনবাগিচা থেকে রোববার বিকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে  দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণবকুমার ভট্টাচার্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকে দেড় কাঠা একটি জমির মালিক আলী হোসেন গতবছর জমিতে একটি ছয়তলা ভবন নির্মাণের জন্য ডেভেলপার কোম্পানি স্কাই লাইন লিমিটেডের সঙ্গে চুক্তি করেন।

পরে এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আল ফাত্তাহ হাবিবুল্লাহ ও এম এ মান্নান অন্য এক ব্যক্তিকে আলী হোসেন সাজিয়ে তার সই জাল করে দলিল তৈরি করেন।

“এরপর ইসলামী ব্যাংকের এই দুই কর্মকর্তার সঙ্গে যোগসাজশে তাদের সহযোগিতায় ব্যাংকের বংশাল শাখা থেকে মোট ১২ কোটি ১৩ লাখ ৩৭ হজার টাকা উত্তোলন ও আত্মসাৎ করেন।”

এই ঘটনার অনুসন্ধান শেষে গত ২১ জুন বংশাল থানায় দুদকের উপ- পরিচালক সৈয়দ তাহসিনুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার অপর আসামি আল ফাত্তাহ হাবিবুল্লাহকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা।