২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্তানকে জঙ্গিমুক্ত রাখতে মায়ের ভূমিকাই মুখ‌্য’

জঙ্গিবাদের বিষয়ে সন্তানকে সচেতন করতে মায়ের ভূমিকাই মুখ‌্য বলে রাজধানীতে এক অনুষ্ঠানে মত দিয়েছেন এক নারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 04:06 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অন‌্য নারীদের কথায়ও তার সায় মিলেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা ‘আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের সচেতন করার’ লক্ষ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে এ মানববন্ধন আয়োজন করে।

মানববন্ধনে সন্তান যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য পিতা-মাতাকে মুখ্য ভূমিকা নেওয়ার আহ্বান জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

গুলশানসহ বিভিন্ন স্থানে হওয়া জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দেশে কোনো আইএস নেই: যা ঘটছে তা বিএনপি ও জামায়াতের কাজ।”

গত মাসে গুলশানের হলি আর্টিজান বেকারিতেসহ বিভিন্ন জঙ্গি হামলার ঘটনায় মধ‌্যপ্রাচ‌্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের দায় স্বীকারের খবর এলেও সরকার বলছে, বিএনপি-জামায়াতের মদদে দেশীয় জঙ্গিরাই এসব হামলা চালাচ্ছে।

গুলশানে নজিরবিহীন ওই হামলায় জড়িতরা কয়েক মাস ধরে নিখোঁজ ছিলেন বলে খবর আসার পর জঙ্গিবাদের হাত থেকে সন্তানকে রক্ষায় বাবা-মাকে তাদের সঙ্গে খোলামেলা আলাপ করার অনুরোধ এসেছে প্রধানমন্ত্রীর কাছ থেকেও।  

মানববন্ধনে সামছুন নাহার নামের ওই নারী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে পরিবারকে মুখ্য ভূমিকা নিতে হবে। সন্তান কোথায় যায়, কী করে, সব খোঁজ-খবর পরিবারকে নিতে হবে।

“পরিবার বলতে মাকেই সব ধরনের ভূমিকা নিতে হবে। তারপর বাবাকে নিতে হবে।”

মা ও বাবা দুইজনকেই সন্তানের সঙ্গে সখ্যতা গড়ার ওপর গুরুত্বরোপ করে তিনি বলেন, “সন্তানকে সব ধরনের দীক্ষা দিতে হবে। তাহলেই জঙ্গিবাদ থেকে সন্তানকে দূরে রাখা যাবে।”

মানববন্ধনে বক্তব‌্য রাখা অন্য নারীরাও সামছুন নাহারের বক্তব‌্যে একমত প্রকাশ করে বলেন, মা-ই পারেন সন্তানকে জঙ্গিবাদ থেকে দূরে রাখতে।