নাম পাল্টে স্কুল চালু করলে কঠোর ব্যবস্থা: মন্ত্রী
বন্ধ হওয়া শিক্ষা প্রতিষ্ঠান নাম বদলে অন্য নামে চালুর চেষ্টা চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যারা এ ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার রাজধানীতে এক কর্মশালায় তিনি বলেন, “এরইমধ্যে আমরা অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করতে শুরু করেছি। বন্ধ হওয়া প্রতিষ্ঠান আবার নতুন নামে চালু করার চেষ্টা করছে। সেগুলোর ব্যাপারেও আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি।”
বিতর্কিত ভারতীয় বক্তা জাকির নায়েকের পিস টিভি বন্ধের পর সম্প্রতি সারা দেশে ‘পিস স্কুল’ বন্ধ করে সরকার। জাকির নায়েকের মতাদর্শ অনুসরণ করেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ‘পিস’ শব্দ জুড়ে দিয়ে বিভিন্ন নামে এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হওয়ার অভিযোগ রয়েছে।
সরকারের এ সিদ্ধান্ত আসার পর বিভিন্ন জায়গায় নাম বদলে এসব স্কুলের কোনো কোনোটি ফের চালুর খবর এসেছে।
এ প্রেক্ষাপটে মন্ত্রী বলেছেন, স্কুলের নাম পাল্টালেও অবস্থান তো বদলানো যাবে না। অনুমোদনহীন কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না।
ধানমণ্ডিতে নায়েম মিলনায়তনে ঢাকা মহানগরীর কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।
গ্যালাক্সি মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের ভবনের নিচ ও দ্বিতীয় তলায় এবং পাশের ভবনে ‘পীস স্কুল এন্ড কলেজ’। এ দুই ভবনেই নামফলক ছিল। ছবি: গুলবার আলী জুয়েল
ছাত্র-শিক্ষক সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “একজন শিক্ষক ছাত্রকে চিনলে তখন ওরা উৎসাহিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শুধু সিলেবাস মুখস্ত করিয়ে ভালো রেজাল্ট নয়, ছেলে-মেয়েদের জ্ঞানকেও বিকশিত করা।”
একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ে মন্ত্রী বলেন, ঢাকা শহরে তিনশ কলেজের মধ্যে ৪৮টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তির আবেদন করেনি বলে তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
ঢাকা শহরে উচ্চ মাধ্যমিকে ৪৩ হাজার আসন ফাঁকা আছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে এখনও কলেজ পর্যায়ে সাত লাখ আসন ফাঁকা আছে।
“এরপরও আমাদের ওপর চাপ নতুন কলেজ অনুমোদন দেওয়ার। আমাদের এই বাস্তবতা উপলব্ধি করতে হবে।”
