২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘শ্বেতপদ্ম’র মোড়ক উন্মোচন

তাবারক হোসেনের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘শ্বেতপদ্ম’র মোড়ক উন্মোচন হয়েছে বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 12:21 AM

Updated : 12 Apr 2022, 02:36 AM

বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বইটির মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উপন্যাসটি না পড়ার জন্য বক্তব্যের শুরুতেই দুঃখ প্রকাশ করেন মন্ত্রী: “শত ব্যস্ততার মাঝে আমি বই পড়ার সময় পাই না। তবে কাব্যগ্রন্থ হলে ওই ব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করে পড়ে ফেলি। এক্ষেত্রে লেখকের উপন্যাসটি আমার পড়ার সুযোগ ঘটেনি। ভেবেছিলাম অন্য কারো আলোচনা শুনে আমি কিছু বলব। কিন্তু অন্যদের আলোচনা থেকেও বুঝলাম যে তারাও বইটি পড়েননি।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “উপন্যাসটিতে মুক্তিযুদ্ধের মর্মস্পর্শী বিবরণ আছে। নারী-পুরুষ সমানভাবে মাতৃভূমির মুক্তিসংগ্রামে লড়াই করেছেন, সেটাও উঠে এসেছে। একাত্তরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়কালের ঘটনার পরিচয়ও পাওয়া যায়। পাশাপাশি ইতিহাসের অন্যান্য উপকরণও আছে।”

লেখকের  প্রথম উপন্যাস প্রকাশকে ‘একটি উল্লেখযোগ্য ঘটনা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “উপন্যাসের কল্পিত চরিত্রগুলোর মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন জীবনের নানা দ্বন্ধ-সংঘাতের কথা বলা হয়েছে। সাহিত্যকর্ম উপস্থাপনের ক্ষেত্রে কিছু অবিশ্বাস্য ঘটনা বিশ্বাসযোগ্য করতে লেখকের বিশেষ প্রয়াসের প্রয়োজন হয়। কিন্তু এক্ষেত্রে লেখকের কিছু ঘাটতি রয়েছে।”

প্রকাশনা অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “চরিত্র  চিত্রনে ঘটনার ধারা বর্ণনায় লেখক শিল্পকর্ম রক্ষার ক্ষেত্রে কল্পনার আশ্রয় নিয়েছেন, ভাবনার প্রয়োগ ঘটিয়েছেন। বইটির ঘটনা ও আখ্যান বিশ্লেষণ করে আমি লেখকের সেই প্রয়াসকে অভিনন্দন জানাই।”

লেখক তাবারক হোসেন বলেন, “এ জাতির সবচেয়ে গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধ, সেটির স্বরূপও কিছুটা উন্মোচিত হয়েছে এই উপন্যাসে।”

‘শ্বেতপদ্ম’ উপন্যাসটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ।  এর প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। ২৫৬ পৃষ্ঠার উপন্যাসটির দাম রাখা হয়েছে ৫৫০ টাকা।

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক উইং কমান্ডার তাবারক হোসেন এখন একটি বেসরকারি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক। ‘আঁধারের ঋণ ও অন্যান্য’ শিরোনামে তার একটি গল্প সংকলন রয়েছে।